আওয়ামী লীগ বর্তমানে সবচেয়ে শক্তিশালী দল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i76404-আওয়ামী_লীগ_বর্তমানে_সবচেয়ে_শক্তিশালী_দল_প্রধানমন্ত্রী_শেখ_হাসিনা
বহু চড়াই উতড়াই, অত্যাচার নির্যাতন মোকাবেলা করে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বর্তমানে সবচেয়ে শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে বলে জানিয়েছেন দলটির সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বহু ত্যাগের বিনিময়ে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন তৃণমূলের নেতাকর্মীরা। তাই অনেক অত্যাচার নির্যাতন করেও কেউ দলটিকে ধ্বংস করতে পারেনি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ০৩, ২০২০ ১২:৩৮ Asia/Dhaka
  • আওয়ামী লীগ বর্তমানে সবচেয়ে শক্তিশালী দল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বহু চড়াই উতড়াই, অত্যাচার নির্যাতন মোকাবেলা করে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বর্তমানে সবচেয়ে শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে বলে জানিয়েছেন দলটির সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বহু ত্যাগের বিনিময়ে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন তৃণমূলের নেতাকর্মীরা। তাই অনেক অত্যাচার নির্যাতন করেও কেউ দলটিকে ধ্বংস করতে পারেনি।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভার শুরুতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। শুরুতে দলের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামকে এই যৌথ সভা উৎসর্গ করা হয়।

সফলভাবে সরকার পরিচালনা করতে আওয়ামী লীগকে আরও সংগঠিত থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। শেখ হাসিনা বলেছেন, একটা সরকার সফলভাবে কাজ করতে পারবে তখনই যখন তার দল সুসংগঠিত থাকে। কারণ দল সুসংগঠিত থাকা সরকারের জন্য বিরাট শক্তি। এই শক্তিটাই সব থেকে বেশি কাজে লাগে দেশকে উন্নত করতে। যেটা আমি নিজে উপলব্ধি করি। যে কারণে আমি সবসময় সংগঠনের ওপর গুরুত্ব দেই।

যারা স্মার্ট রাজনীতির কথা বলে ক্ষমতায় এসেছিলো, তারা দেশকে পিছিয়ে দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, সরকার জনগণের সেবক; আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই জনগণ তা বুঝতে পারে। আর তাই কোন ষড়যন্ত্রই আওয়ামী লীগকে দমাতে পারেনি। মানুষের আস্থা নিয়ে টানা তৃতীয়বার ক্ষমতায় তার দল।

আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর কাউন্টডাউন শুরু হবে বলে জানান সরকার প্রধান। তিনি জানান, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে নানা অনুষ্ঠান উদযাপনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতাকে আরো অর্থবহ করে তোলা হবে।#

পার্সটুডে/শামস মণ্ডল/রেজওয়ান হোসেন/৩