রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া কোনো দেশ উন্নতি করতে পারে না: শেখ হাসিনা
-
শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, রাজনৈতিক অঙ্গীকার ছাড়া কোনো দেশ বা জাতি উন্নতি করতে পারে না।
আজ (বুধবার) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ উন্নয়ন ফোরাম-২০২০ এর দু’দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনকালে শেখ হসিনা বলেন, ‘এটা মাথায় রাখতে হবে, রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া কোনো দেশ বা জাতি উন্নতি করতে পারে না। সেটা বাংলাদেশের জন্য একেবারেই সত্য।’
তিনি বলেন, ‘জাতির পিতা দেশকে দারিদ্র্যমুক্ত ও উন্নত করার লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেন। ১৯৭৩ থেকে ৭৮ পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছিলেন তিনি। আমরা ২১ বছর পর সরকার গঠন করে পঞ্চবার্ষিকী পরিকল্পনাও গ্রহণ করি, পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনাও গ্রহণ করি। এখন ষষ্ঠ শেষ করে, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে বাস্তবায়ন করে যাচ্ছি। টেকসই উন্নয়নের ক্ষেত্রে কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ তা চিহ্নিত করেই আমরা পরিকল্পনা মতো এগিয়ে যাচ্ছি।’
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অবস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। শুধু বাংলাদেশ নয়, যেসব ছোট দ্বীপ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদের সবার প্রতিই সহায়তা করা প্রয়োজন। উন্নত রাষ্ট্রগুলোকে এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। আমরা যেহেতু বদ্বীপ, তাই ডেল্টা প্ল্যান ২০১০ প্রণয়ন করে তা বাস্তবায়নের কাজও শুরু করেছি।’
তিনি বলেন, ‘প্রতিটি মানুষের জীবন যেন অর্থবহ হয়, সেটিকে মাথায় রেখেই আমরা কাজ করে যাচ্ছি।’
টেকসই উন্নয়নের ক্ষেত্রে কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ তা চিহ্নিত করেই পরিকল্পনামতো এগিয়ে যাওয়া হচ্ছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে উৎসর্গ করা হয়েছে এবারের বিডিএফ সম্মেলন। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনকে সামনে রেখে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এ সম্মেলনের আয়োজন করছে।
এবারের সম্মেলনে প্রথমবারের মতো উন্নয়ন সহযোগীদের কাছে জবাবদিহিতা চাওয়া হবে। এবারের বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের মূল স্লোগান ‘ইফেক্টিভ পার্টনারশিপ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’।
এবারের সম্মেলনে জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জুনিচি ইয়ামাদা, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শেফার, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট শিক্সিন চেনসহ জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলের বেশকিছু উন্নয়ন সহযোগী সংস্থার শীর্ষস্থানীয়দের অংশ নিচ্ছেন।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/আশরাফুর রহমান/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।