দেশের মানুষের কথা ভেবেই উন্নয়ন অব্যাহত রেখেছে সরকার: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i77405-দেশের_মানুষের_কথা_ভেবেই_উন্নয়ন_অব্যাহত_রেখেছে_সরকার_শেখ_হাসিনা
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয়- সেটি আজ প্রমাণিত সত্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বুধবার) সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাঁচটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০২০ ১৩:২৩ Asia/Dhaka
  • শেখ হাসিনা
    শেখ হাসিনা

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয়- সেটি আজ প্রমাণিত সত্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বুধবার) সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাঁচটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীতে নির্মিত ‘শেখ কামাল আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টার’, শতভাগ বিদ্যুতায়িত সাতটি জেলা, একটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র এবং ১৮টি জেলার ২৩টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন।

অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, দেশের মানুষের কথা ভেবেই উন্নয়নকাজ অব্যাহত রেখেছে সরকার।

নতুন প্রজন্ম যেন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে তাদের সেভাবেই শিক্ষিত করতে হবে। এ লক্ষ্যে সরকার প্রযুক্তি শিক্ষায় জোর দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলোর উদ্বোধনের পর সংশ্লিষ্ট উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক, রাজশাহীতে নির্মিত ‘শেখ কামাল আইটি ইনকিউবেটর অ্যান্ড ট্রেনিং সেন্টার’-এর ওপর একটি ভিডিওচিত্র পরিবেশন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এ এন এম জিয়াউল আলম। বিদ্যুৎ বিভাগের ওপর উপস্থাপনা এবং ভিডিওচিত্র প্রদর্শন করেন বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমদ।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বিদ্যুতের উৎপাদনে বাড়াতে কাজ করছে সরকার। মুজিববর্ষের মধ্যেই দেশের সব ঘরে বিদ্যুতের আলো পৌঁছাতে সরকার বদ্ধপরিকর।

ডিজিটাল বিভিন্ন পদ্ধতি বাস্তবায়নে অর্থনীতির অগ্রগতির পাশাপাশি কমে যাচ্ছে দুর্নীতির সুযোগ বলে মনে করেন প্রধানমন্ত্রী।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।