বাংলাদেশ বিশ্বের উন্নত দেশগুলোর কাতারে দাঁড়াবে: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i77438-বাংলাদেশ_বিশ্বের_উন্নত_দেশগুলোর_কাতারে_দাঁড়াবে_শেখ_হাসিনা
বাংলাদেশকে গড়ার জন্য আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বৃহস্পতিবার) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম জাতীয় সমাবেশ-২০২০ এর কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনিএ আহ্বান জানান।  
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২০ ১৩:২৬ Asia/Dhaka
  • শেখ হাসিনা
    শেখ হাসিনা

বাংলাদেশকে গড়ার জন্য আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বৃহস্পতিবার) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম জাতীয় সমাবেশ-২০২০ এর কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনিএ আহ্বান জানান।  

আনসার সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা দেশের সর্ববৃহৎ বাহিনী। বাংলাদেশ যে আজ এগিয়ে যাচ্ছে সেজন্য এই বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, গ্রাম থেকে শহর পর্যন্ত বিভিন্ন স্থানে তারা যে দায়িত্ব পালন করছেন, তাদের এই দায়িত্ব পালন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যদি সবাই একযোগে এভাবে দায়িত্ব পালন করি, সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ বিশ্বের উন্নত দেশগুলোর কাতারে দাঁড়াবে। বাংলাদেশের প্রতিটি ঘর হবে আলোকিত। প্রতিটি গ্রাম হবে সমৃদ্ধ। গ্রামপর্যায় পর্যন্ত আমরা শহরের সব সুযোগ সুবিধা পৌঁছে দেব।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গৌরবময় ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, কুষ্টিয়ার মেহেরপুরের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার দিয়েছিল এ বাহিনী। এই বাহিনী জাতীয় নির্বাচন, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল, বিমানবন্দর ও দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষাসহ সারাদেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনগণের জানমাল রক্ষায় তারা জীবন পর্যন্ত উৎসর্গ করছে। বিশেষ করে বিএনপি যখন অগ্নিসন্ত্রাস চালিয়েছে তখন এই বাহিনী সারাদেশে বিএনপিকে দমন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

শেখ হাসিনা বলেন, আনসার বাহিনীর যেকোনো সমস্যার সমাধানে আমাদের সরকার সহায়ক ভূমিকা পালন করেছে। এই বাহিনীর উৎকর্ষতা সাধনে যত প্রকার সুযোগ-সুবিধা প্রদান করা দরকার তা করেছে। এই বাহিনীর জাতীয় পতাকা ছিল না। তাদের জাতীয় পতাকা প্রদান, স্বাধীনতা পদক প্রদান, তাদের পদোন্নতিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এই বাহিনীর জন্য একটি ব্যাঙ্ক করে দেয়া হয়েছে। এখান থেকে তারা যখন ইচ্ছে তখন ঋণ নিতে পারেন। ঝুঁকি ভাতাও প্রবর্তন করেছে আমাদের এই সরকার।

বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি সফিপুরে এ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন।

বেলা পৌনে ১১টায় বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি সফিপুরে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী অভিবাদন মঞ্চে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় সংগীতের সুর বেজে ওঠে। এরপর খোলা জিপে করে প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন করেন। প্যারেড পরিদর্শন শেষে আবার ফিরে যান অভিবাদন মঞ্চে। সেবামূলক ও সাহসিকতাসহ বিভিন্ন ক্যাটাগরিতে ১৪৩ জনকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।