ধর্ষণকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছি: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i77580-ধর্ষণকারীদের_বিরুদ্ধে_জিরো_টলারেন্স_নীতি_নিয়ে_কঠোর_ব্যবস্থা_নিচ্ছি_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা শিশু-কিশোরীদের ধর্ষণ করে, তারা মানুষ নামে পশু, এরা পশুরও অধম। তাদেরও তো মা-বোন-মেয়ে আছে। এমন জঘন্য চরিত্রের মানুষ কীভাবে হতে পারে? জঙ্গিবাদ-মাদক-ধর্ষণকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছি।’
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ফেব্রুয়ারি ১৮, ২০২০ ২১:০৪ Asia/Dhaka
  • জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)
    জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা শিশু-কিশোরীদের ধর্ষণ করে, তারা মানুষ নামে পশু, এরা পশুরও অধম। তাদেরও তো মা-বোন-মেয়ে আছে। এমন জঘন্য চরিত্রের মানুষ কীভাবে হতে পারে? জঙ্গিবাদ-মাদক-ধর্ষণকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছি।’

আজ (রোববার) রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা ও অধিবেশনের সমাপ্তি ভাষণে তিনি এ কথা বলেন। দেশবাসীকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই ধরনের ঘটনা (ধর্ষণ) যারা ঘটাচ্ছে তাদের ধরতে সকলেই যেন আমাদের সহযোগিতা করেন। কারণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা আইনগতভাবেই নেব এবং এ বিষয়ে আমরা যথেষ্ট সচেতন রয়েছি।’

করোনা ভাইরাস প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘চীন বা যেসব দেশে এই ভাইরাস দেখা গিয়েছে সেসব দেশ থেকে কেউ আসলে তার সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে আমরা নিশ্চিত হচ্ছি এই ভাইরাস নিয়ে কেউ ঢুকছে কিনা। কাউকে এতটুকু সন্দেহ হলে হাসপাতালে নিয়ে তাকে পরীক্ষা-নিরীক্ষা করে কোয়ারান্টাইনে রেখে তারপর আমরা ছাড়ছি। এটা যেন বাংলাদেশে বিস্তার লাভ করতে না পারে সে জন্য যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি।’

আগামী রোজায় দ্রব্যমূল্য নিয়ে কোনো সমস্যা হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রমজান এলে অনেকেই দ্রব্যমূল্য নিয়ে খেলায় মেতে ওঠার চেষ্টা করে। আতঙ্কিত হওয়ার কারণ নেই। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের এই মুহূর্তে ব্যাংকে রিজার্ভ ৩২ বিলিয়নের বেশি, কাজেই চিন্তা নাই। ব্যাংকে টাকা রিজার্ভ রাখা হয় দুর্যোগকালীন সময়ে যেন অন্তত ৩ মাসের খাদ্য সংগ্রহ করা যায়। আমাদের যা আছে তা দিয়ে ৬ মাসের খাদ্য আনতে পারবো, আরও বেশি খাদ্য আনতে পারবো। টাকার কোনো অসুবিধা নাই, সেটা বলতে পারি।’

রেমিট্যান্সের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত ১৮ বিলিয়ন রেমিট্যান্স এসেছে। টাকা যদি নাই থাকে তাহলে এসব কাজ কীভাবে করছি? অনেক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি। দেশে প্রচুর বিনিয়োগ হচ্ছে। বাংলাদেশে বিনেয়াগ করতে অনেকেই আসছে। বিনিয়োগের জন্য বাংলাদেশে এখন সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বর্ষব্যাপী আয়োজন মুজিববর্ষকে সামনে রেখে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।