বাংলাদেশের ওয়ানডে দলে ব্যাপক অদল-বদল: প্রধান নির্বাচকের ব্যাখ্যা
-
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু
মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচের ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। চমক হয়ে প্রথমবার ওয়ানডে দলে এসেছেন আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ। দুই তরুণ ব্যাটসম্যানই টি-টুয়েন্টি দলের সদস্য।
বিশ্বকাপের পর থেকে চোট বয়ে বেড়ানো অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ফিরেছেন। সবশেষ শ্রীলঙ্কা সফরে ওয়ানডে দলে থাকা খেলোয়াড়দের মধ্যে বাদ পড়েছেন সাব্বির রহমান, এনামুল হক বিজয়, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ফরহাদ রেজা।
সর্বশেষ খেলা ওয়ানডের দল থেকে সাতজনের না থাকা, পাঁচজনের ফেরা আর দুই নতুন মুখ মিলিয়ে বাংলাদেশ ওয়ানডে দলে যেন অদল বদলের হাট। এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, 'নানা কারণে বেশ কয়েকজন ক্রিকেটার না থাকায় ওয়ানডে দলে আমাদের কিছু অদল বদল করতেই হতো। আমি তারপরও আনন্দিত যে ফিট আর ছন্দে থাকা খেলোয়াড়দের পেয়েছি।'
২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপে তিন ম্যাচ খেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। তিন ম্যাচে মোটে ২০ রান করায় বাদ পড়েন তিনি। এবার ওয়ানডে দলে তাকে ফেরানোর কারণ টেস্ট ও ঘরোয়া ক্রিকেটে তার ফর্ম, 'ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে শান্তর সাম্প্রতিক ফর্মই তাকে দলে নিয়ে এসেছে।’
ঘোষিত দলে একেবারেই আনকোরা দুজন। অলরাউন্ডার আফিফ হোসেন ও ওপেনার নাঈম শেখ টি-টোয়েন্টি খেললেও এবারই প্রথম এলেন ওয়ানডে দলে। মিনহাজুল জানান, এই দুজন সাদা বলে তাদের লম্বা রেসের ঘোড়া, ‘নাঈম ও আফিফ সাদা বলে আমাদের দীর্ঘ মেয়াদের পরিকল্পনায় আছে।'
আগামী ১, ৩ ও ৬ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। সফলতম অধিনায়ক মাশরাফীর নেতৃত্বে এটিই হতে পারে টাইগারদের শেষ সিরিজ। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এই সিরিজের পর নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে। ফর্ম ও ফিটনেস ঠিক থাকলেই কেবল স্কোয়াডে বিবেচনায় আসবেন মাশরাফি।
বাংলাদেশের ওয়ানডে দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, আল-আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।