মশা যেন ভোট খেয়ে না ফেলে: ঢাকার মেয়রদের প্রতি শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i77792-মশা_যেন_ভোট_খেয়ে_না_ফেলে_ঢাকার_মেয়রদের_প্রতি_শেখ_হাসিনা
ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে নবনির্বাচিত দুই মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামকে আজ আনুষ্ঠানিক শপথ পড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
ফেব্রুয়ারি ২৭, ২০২০ ১৪:৪৯ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রীর কাছে শপথ নেন ঢাকার দুই সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র
    প্রধানমন্ত্রীর কাছে শপথ নেন ঢাকার দুই সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে নবনির্বাচিত দুই মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামকে আজ আনুষ্ঠানিক শপথ পড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। উত্তরে আতিকুল ইসলাম মেয়র নির্বাচিত হন, যিনি এর আগেও এ দায়িত্বে ছিলেন। দক্ষিণে মেয়র নির্বাচিত হন শেখ ফজলে নূর তাপস।

শপথ নিলেও মেয়রের দায়িত্ব পেতে শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম এবং কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণের জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে  কারণ ঢাকার দুই সিটি করপোরেশনের বর্তমান মেয়রদের মেয়াদ শেষ হবে আগামী ১৬ মে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সকাল ১১ টায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে শেখ মেয়রদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, মশা যেন আপনার ভোট খেয়ে না ফেলে, সেদিকে নিশ্চয়ই আপনার খেয়াল রাখতে হবে। মশা ক্ষুদ্র হলেও অনেক শক্তিশালী এটা মাথায় রাখতে হবে।

মেয়রদের দলমতের ঊর্ধ্বে উঠে জনগণের সেবা করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ সময় উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিতে মেয়রদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। তিনি বলেন, উন্নয়ন প্রকল্পে আমরা বাজেট দেই। কিন্তু এ বাজেটের টাকাগুলো বা উন্নয়ন প্রকল্পের টাকাগুলো যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না? সেটি পর্যবেক্ষণের ব্যবস্থা আমরা নিচ্ছি। সেটা নিবিড়ভাবে আমরা পর্যবেক্ষণ করব।

মেগা প্রজেক্টে দুর্নীতি করলে ছাড় নয়, হুঁশিয়ার করে সরকারপ্রধান আরও বলেন, সারা ঢাকা শহরসহ সমগ্র বাংলাদেশে ব্যাপক উন্নয়নের কাজ করে যাচ্ছি। আমি চাই, এখানে কোনো রকম কোনো দুর্নীতি না হয়, কোনো রকম অনিয়ম না হয়। যদি এ ধরনের কিছু হয়। তবে যেই হোক, কাউকেই ছাড়ব না।

একই অনুষ্ঠানে দুই সিটিতে নির্বাচিত সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ১৭২ জন কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।