বিজ্ঞানমনস্ক জাতি হিসেবে গড়ে উঠতে হবে: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i78008-বিজ্ঞানমনস্ক_জাতি_হিসেবে_গড়ে_উঠতে_হবে_শেখ_হাসিনা
বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় অধিকতর উন্নয়নে উৎসাহ ও সহায়তার লক্ষ্যে চলতি বছরের বঙ্গবন্ধু ফেলোশিপ, বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ এবং বিজ্ঞানী ও গবেষকদের গবেষণা অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মার্চ ০৫, ২০২০ ১২:৪৬ Asia/Dhaka
  • শেখ হাসিনা
    শেখ হাসিনা

বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় অধিকতর উন্নয়নে উৎসাহ ও সহায়তার লক্ষ্যে চলতি বছরের বঙ্গবন্ধু ফেলোশিপ, বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ এবং বিজ্ঞানী ও গবেষকদের গবেষণা অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে তিনি ২০১৯-২০ শিক্ষাবর্ষের এই ফেলোশিপ এবং গবেষণা অনুদান প্রদান করেন।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে নির্বাচিত ফেলোশিপ এবং অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে অর্থের চেক তুলে দিয়ে তাঁর ভাষণে গবেষণার ওপর অধিক গুরুত্বারোপ করে বলেন, ‘কেবল গবেষণা করাটাই যথেষ্ট নয়; গবেষণা যে দেশের কাজে লাগছে তা দেখতে চাই। গবেষণালব্ধ ফলাফল দিয়ে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাতে পারলেই সে গবেষণা স্বার্থক হবে।'  

শেখ হাসিনা বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে, বিজ্ঞানমনস্ক জাতি হিসেবে গড়ে উঠতে হবে।

‘বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং দক্ষ ও বিশেষ যোগ্যতাসম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গবেষক তৈরির উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে আমরা বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট গঠন করেছি।’

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের আওতায় প্রতিবছর বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে দেশে-বিদেশে এমএস, পিএইচডি এবং পিএইচডি-উত্তর অধ্যয়ন/গবেষণার জন্য এ ফেলোশিপ দেওয়া হচ্ছে।

২০১০-১১ অর্থ-বছর থেকে ২০১৯-২০ অর্থ-বছর পর্যন্ত ৫১৯ জনকে ১৫৫ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা ফেলোশিপ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯-১০ অর্থ-বছর থেকে এমফিল, পিএইচডি ও পিএইচডি-উত্তর পর্যায়ে শিক্ষার্থী ও গবেষকগণের মধ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ দেয়া হচ্ছে।

২০১৮-১৯ অর্থ-বছর পর্যন্ত ১৩ হাজার ২২৫ জন ছাত্র-ছাত্রী ও গবেষকগণের মধ্যে ৮২ কোটি ৬২ লাখ টাকা ফেলোশিপ দেয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমান ২০১৯-২০ অর্থ-বছরে ৩ হাজার ২শ’ জনকে ১৯ কোটি ৩৮ লাখ টাকা ফেলোশিপ দেয়া হচ্ছে।
আজকের অনুষ্ঠানে কৃষি বিজ্ঞান, জীব বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান গ্রুপের ৩০০ জন শিক্ষার্থীকে ফেলোশিপ প্রদান করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী উল্লেখ করেন ফেলোশিপ ছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা ও উন্নয়ন কাজে উৎসাহ ও সহায়তা প্রদানের লক্ষ্যে ২০০৯-১০ অর্থ-বছর থেকে গবেষণা প্রকল্প বাস্তবায়নের জন্য বিজ্ঞানী-গবেষকদের মধ্যে গবেষণা অনুদান প্রদান করা হচ্ছে। ২০১৮-১৯ অর্থ-বছর পর্যন্ত ৩ হাজার ২৪২টি প্রকল্পের অনুকূলে ১৩০ কোটি ৯৩ লাখ টাকা গবেষণা অনুদান প্রদান করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, বর্তমান ২০১৯-২০ অর্থ-বছরে ৫৬১ প্রকল্পের জন্য ৫৬১ জনকে ১৬ কোটি টাকা গবেষণা অনুদান দেওয়া হচ্ছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।