করোনাভাইরাস: বাংলাদেশসহ ৭ দেশের সাথে বিমান চলাচল স্থগিত করল কুয়েত
https://parstoday.ir/bn/news/bangladesh-i78068-করোনাভাইরাস_বাংলাদেশসহ_৭_দেশের_সাথে_বিমান_চলাচল_স্থগিত_করল_কুয়েত
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি। তা সত্ত্বেও কুয়েত সরকার বাংলাদেশ ও ভারতসহ সাতটি দেশের সাথে বিমান চলাচল স্থগিত করেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ০৭, ২০২০ ১৩:২৮ Asia/Dhaka
  • করোনা পরিস্থিতি দেখতে কুয়েত বিমানবন্দরে সেদেশের মন্ত্রী মারিয়াম আল আকিল
    করোনা পরিস্থিতি দেখতে কুয়েত বিমানবন্দরে সেদেশের মন্ত্রী মারিয়াম আল আকিল

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি। তা সত্ত্বেও কুয়েত সরকার বাংলাদেশ ও ভারতসহ সাতটি দেশের সাথে বিমান চলাচল স্থগিত করেছে।

কুয়েত সরকারের পক্ষ থেকে জানানো হয়, শনিবার থেকে বিমান চলাচল এক সপ্তাহের জন্য স্থগিত থাকবে। আগামী ১৪ দিনের জন্য এই সাত দেশের জনগণের ওপর কুয়েত ভ্রমণে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। তবে এই সাত দেশে বাস করা কুয়েতি নাগরিকরা চাইলে নিজ দেশে ফিরে যেতে পারবেন। কিন্তু তাদের কোয়ারেন্টাইন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

এদিকে, কুয়েত সরকারের নিষেধাজ্ঞার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭ মার্চ ও ১০ মার্চের কুয়েতগামী ফ্লাইট দুটি বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কুয়েত রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করে থাকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন জানিয়েছেন, ‘বাতিল হওয়া ফ্লাইটের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।’

করোনা ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

এদিকে, বাংলাদেশের প্রতিবেশী ভারতে ও ভূটানে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ভুটানে করোনাভাইরাস সংক্রমিত এক পর্যটক পাওয়া গেছে বলে শুক্রবার খবর প্রকাশিত হয়েছে।

অপরদিকে, ভারতে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। শুক্রবার (৬ মার্চ) নতুন করে আরও এক জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়ার পর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। এদের মধ্যে প্রায় অর্ধেকই ভিনদেশি নাগরিক। এ নিয়ে ভারতীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে দেশটির বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

এ অবস্থায় বাংলাদেশেও সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। নাগরিক পর্যায়ে সার্জিকাল  মাস্ক ব্যবহারের পরিমাণ বেড়ে গেছে। ফলে বাজারে এসব মাস্কের মূল্য বৃদ্ধি পেয়েছে।

এদিকে চিকিৎসকদের জন্য পর্যাপ্ত  সুরক্ষামূলক ব্যবস্থা ও ভাইরাস পরীক্ষার কিটস পর্যাপ্ত সংখ্যায় মজুদ রাখার পরামর্শ দিয়েছেন, বাংলাদেশ মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার মো. শহীদুল্লাহ।

তবে, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার সানিয়া তাহমিনা জানিয়েছেন এ ব্যাপারে সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।

ওদিকে, করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। গতকাল বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০ শয্যাবিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডটি পরিদর্শন করে স্থানীয় এমপি এবং সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেছেন, আমরা করোনাভাইরাস প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। তবে, দেশের দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জনবল সংকট রয়েছে। এ নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলেছি। বিষয়টি শীঘ্রই সমাধান হবে। #

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।