জিকে শামীমের জামিন প্রমাণ করে খালেদা জিয়া প্রতিহিংসার শিকার: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i78095-জিকে_শামীমের_জামিন_প্রমাণ_করে_খালেদা_জিয়া_প্রতিহিংসার_শিকার_ফখরুল
গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নিয়েছে বিএনপি। এমনটাই জানালেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ০৮, ২০২০ ১৩:৩০ Asia/Dhaka
  • আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার শপথ নিয়েছে বিএনপি। এমনটাই জানালেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (রোববার) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর, তিনি সাংবাদিকদের এ কথা বলেন। গাজীপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।

প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ এখন ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। কোন প্রতিষ্ঠানেই শৃংখলা বা জবাবদিহিতা নেই। এ কারণেই কোটি কোটি টাকা অবৈধভাবে রাখার দায়ে গ্রেফতার ব্যক্তিকে জামিন দেয়া হয়েছে। এর মাধ্যমে এটাও প্রমাণিত হয়েছে, শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়ার জামিন হচ্ছে না। এ সময়, সরকারের কাছে খালেদা জিয়ার পরিবারের করা আবেদনে কী আছে, তা জানেন না বলে জানান বিএনপি মহাসচিব।

হুইল চেয়ারে বেগম খালেদা জিয়া

এরআগে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, জাতীয়তাবাদী মহিলা দলের শোভাযাত্রা উদ্বোধন করেন বিএনপি মহাসচিব।  এ সময় তিনি বলেন, দেশে গণতন্ত্র ফিরে না আসলে নারীর অধিকার পাওয়া যাবে না। খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে গণতন্ত্রও মুক্তি পাবে না।  

খালেদা জিয়াকে মুক্ত করতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তিনি নারীদের জন্য বহু কাজ করেছেন। নারী শিক্ষার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য কাজটি তিনি করেছেন। সেটি হলো নারীদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নারী দিবসে সবাইকে শপথ নিতে হবে, শুধু নারীদের অধিকার আদায় নয়, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যও লড়াই সংগ্রাম করতে হবে। নারীদের উন্নয়নে যিনি কাজ করেছেন, তাদের ক্ষমতায়নের জন্য যিনি কাজ করেছেন, সেই বিএনপি চেয়ারপার্সনকে কারাগার থেকে মুক্ত করতে হবে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়। পরে তা নাইটেঙ্গল মোড় ঘুরে আবারও নয়াপল্টনে গিয়ে শেষ হয়। #

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।