করোনাভাইরাস
হোম কোয়ারেন্টাইনের নির্দেশনা মানছেন না প্রবাসীরা; ব্যবস্থা নেবে সরকার
-
হোম কোয়ারেন্টাইন
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা মানছেন না অনেক প্রবাসী বাংলাদেশি। বিদেশ থেকে নিজ বাড়িতে ফিরে অনেকটা স্বাভাবিক জীবন যাপন করছেন তারা। এতে সংক্রমণ ঝুঁকি বাড়ছে। এরই মধ্যে করোনা আক্রান্ত এক প্রবাসীর মাধ্যমে তার স্ত্রীও আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইসিডিআর) তথ্য অনুযায়ী, করোনা প্রাদুর্ভাবের কারণে বিভিন্ন দেশ থেকে আসা দুই হাজার ৩১৪ জন এখন হোম কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া আরও দশজন আছেন আইসোলেশনে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে চারজন।
সংক্রমণের শুরুতে শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব নেই, এটা নিশ্চিত হওয়ার পরই, বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়ে ছেড়ে দেয়া হয়। তাদের ১৪ দিন ঘরে থাকার নির্দেশনা থাকলেও উপেক্ষা করছেন অনেকে। তবে, গ্রামাঞ্চলে করোনা সংক্রমণের আশঙ্কা করছেন অনেকে।
বিদেশ ফেরত সবাইকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন কঠোরভাবে মানার আহ্বান জানান আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি জানান, যারা করোনা আক্রান্ত বিভিন্ন দেশ থেকে এসেছেন, তাদের হোম কোয়ারেন্টাইন কঠোর ভাবে মেনে চলতে হবে। গাফিলতির কোনো সুযোগ নেই। কিন্তু বিদেশ ফেরত অনেকে নির্দেশনা মানছেন না। তাই নতুন করে যারা আসছেন, তাদের হজক্যাম্পে নিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর, প্রশাসনের জিম্মায় নিজ এলাকায় পাঠানো হচ্ছে। যাতে তারা সার্বক্ষণিক নজরদারিতে থাকেন। কারো হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা না থাকলে আইইডিসিআর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করবে বলেও জানান তিনি।
এ বিষয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সহায়তার আহ্বান জানান আইইডিসিআর পরিচালক। বলেন, সম্ভব হলে আলাদা কক্ষে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করবেন। আর তা সম্ভব না হলে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।
করোনা সংক্রমণ ঠেকাতে আজ (রোববার) মধ্যরাত থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত ইউরোপ ও আক্রান্ত দেশগুলো থেকে কেউ বাংলাদেশে আসতে পারবে না। বাংলাদেশিদের ক্ষেত্রেও এ সিদ্ধান্ত কার্যকর হবে। এসব দেশ থেকে বাংলাদেশে আসা সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে সরকার। সেইসঙ্গে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসাও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৫