বাংলাদেশে করোনায় মৃত্যু বেড়ে ৬, সন্দেহভাজন আরও ৩ রোগীর মৃত্যু
https://parstoday.ir/bn/news/bangladesh-i78726-বাংলাদেশে_করোনায়_মৃত্যু_বেড়ে_৬_সন্দেহভাজন_আরও_৩_রোগীর_মৃত্যু
বাংলাদেশের গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। এছাড়া, নতুন করে আক্রান্ত হয়েছেন তিনজন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ জনে। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ০১, ২০২০ ০৮:৪৭ Asia/Dhaka
  • ডা. জাহিদ মালেক
    ডা. জাহিদ মালেক

বাংলাদেশের গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। এছাড়া, নতুন করে আক্রান্ত হয়েছেন তিনজন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ জনে। 

আজ (বুধবার) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক এ তথ্য জানান। তিনি বলেন, ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও একজন। ফলে মোট সুস্থ হলেন ২৬ জন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গতকালও প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সব জেলার সঙ্গে কথা বলেছেন। আমরা নিয়মিত স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করেছি। ইতোমধ্যে কুর্মিটোলাসহ রাজধানী ও বাইরে কয়েকটি হাসপাতাল প্রস্তুত করতে কাজ চলছে। আগামী দুই-একদিনের মধ্যে ঢাকা মেডিকেলে টেস্টিং সুবিধা শুরু হবে। এছাড়া, শিগগিরই সবগুলো মেডিকেল কলেজে টেস্ট করা শুরু হবে।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা টেস্ট করুন। সুরক্ষিত থাকুন। টেস্ট ছাড়া আমরা বুঝতে পারব না। পিপিই, মাস্কসহ সব সুরক্ষা সরঞ্জাম আমরা ব্যবস্থা করেছি।

মন্ত্রী বলেন, আমরা লক্ষ্য করছি জনগণ সরকারি নির্দেশনা পুরোপুরি মানছেন না। ঢাকা ও ঢাকার বাইরে মানুষ ঘোরাফেরা করছেন, আড্ডা দিচ্ছেন। যা মোটেই কাম্য নয়। নিজেরা সচেতন হোন। অন্যদের জন্য ঝুঁকির কারণ হবেন না।’

এ সময় তিনি বেসরকারি ডাক্তারদের চেম্বার ও ক্লিনিকগুলোতে নিয়মিত বসার জন্য এবং রোগীদের সেবা দেওয়ার জন্য অনুরোধ করেন।

করোনা সন্দেহে মৃত্যু

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলাধীন আমুয়া সরকারপাড়ায় জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হলে ওই বাড়ির ৬ পরিবারের ৩০ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

ঝালকাঠির কাঁঠালিয়ায় জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আলভী হোসেন নামের তিন বছরের এক শিশু গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শিশুটি নিজ বাড়িতে মারা যায়। এরপর স্থানীয় ছয়টি পরিবারকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন বলেন, কয়েক দিন ধরে আলভী জ্বরে আক্রান্ত ছিল। শিশুটি জ্বরের পাশাপাশি ডায়রিয়াতেও আক্রান্ত হয়। এ অবস্থায় মারা যাওয়ায় সে করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আলভীর বাড়ির ছয়টি পরিবারের ৩০ জনকে ১৪ দিন হোম কোয়ারন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শিশুটির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।

ভোলায় করোনা ইউনিটে নেওয়ার পথে একজনের মৃত্যু

ভোলা সদর হাসপাতালের করোনা ইউনিটে নেওয়ার পথে হারুন নামক ৫৪ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকালে করোনা ওয়ার্ডে প্রবেশের প্রাক্কালে মারা গেছেন।

ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করে বলেন- মারা   যাওয়া মৃত ব্যক্তি ভাইরাসে আক্রান্ত কী না তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।

শরীয়তপুর সদরে আইসোলেশনে থাকা রোগীর মৃত্যু

শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি এক রোগী মঙ্গলবার রাত ৯টার দিকে মারা যান।

হাসপাতালে তত্বাবধায়ক মুনীর আহমেদ খান বলেন, মঙ্গলবার সকাল থেকে তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং তার অবস্থা খারাপ হতে থাকে। তখন তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তার বিদেশ সফরের কোনো ইতিহাস নেই। 

মুনীর আহমেদ খান আরও বলেন, বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। রোগীটি করোনা আক্রান্ত কীনা তা পরীক্ষার জন্য আজ বুধবার তারা এসে নমুনা সংগ্রহ করবেন।

গাংনীতে সন্দেহভাজন করোনা রোগীর ভর্তিতে আতঙ্ক

ওদিকে, পশ্চিম সীমান্তের জেলা মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠাণ্ডা, জ্বর, কাশি নিয়ে একজন ভর্তি হওয়ায় করোনা সন্দেহে স্বাস্থ্য কমপ্লেক্স ছেড়েছেন অন্যান্য রোগীরা। এমনকি কর্তব্যরত সেবিকারাও ব্যক্তিগত নিরাপত্তার অজুহাতে সেবা দিতে ভয় পাচ্ছেন। মঙ্গলবার রাতে ওই ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানান, রোগীটি করোনায় আক্রান্ত কিনা তা নির্ণয় করতে নমুনা সংগ্রহ করবে আইইডিসিআর।

জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার গাড়াডোব গ্রামের মধ্য বয়সী এক ব্যক্তি ঠাণ্ডা, জ্বর, কাশি নিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ওই রোগী করোনায় আক্রান্ত সন্দেহে ওয়ার্ডের ভর্তিকৃত অন্যান্য রোগীরা ছেড়ে চলে গেছেন। তবে রোগীকে হাসপাতালের একটি কেবিনে রাখা হয়েছে।

সেবিকারাও রয়েছেন আতঙ্কে। পিপিই না থাকায় রোগীর কাছে ভিড়তে ভয় পাচ্ছেন তারা। রোগীকে কোন চিকিৎসা দেয়া হচ্ছে না বলেও জানান রোগীর স্বজনরা।

হাসাপাতাল থেকে আইইডিসিআর এ যোগাযোগ করা হয়েছে। রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর জানা যাবে তিনি করোনা আক্রান্ত কি না?

বগুড়ায় ২৫ বছর বয়সী নারী আইসোলেশনে

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এবার ২৫ বছর বয়সী এক নারীকে আইসোলেশনে নেওয়া হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে তাকে আইসোলেশন ইউনিট হিসেবে গড়ে তোলা মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে ওই হাসপাতালে মোট চার জনকে আইসোলেশনে নেওয়া হলো।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই চার জনের নমুনা পরীক্ষার জন্য বুধবার নিজস্ব পরিবহনযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ৪৮ ঘন্টার মধ্যেই তাদের ফলাফল জানা যাবে।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, শহরের নাটাইপাড়া এলাকার ওই নারী তিনদিন আগে জ্বরে আক্রান্ত হন। এরপর তার কাশি, পাতলা পায়খানা এং শ্বাস কষ্ট দেখা দেয়। পরবর্তীতে ওই নারী মঙ্গলবার টিএমএসএস মেডিকেল কলেজের টিচিং হাসপাতাল রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে তাকে বুধবার মোহাম্মদ আলী হাসপাতালে রেফার্ড করা হয়।

তিনি জানান, আইসোলেশনে নেওয়া ওই নারী বিদেশে ছিলেন না, কিংবা কোন বিদেশফেরত ব্যক্তির সংস্পর্শেও যাননি।

চট্টগ্রামে আইসোলেশনে ৭ জন

অপরদিকে, করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসতে (বিআইটিআইডি) সাতজনকে আইসোলেশনে রাখা হয়েছে।

আজ সকাল পর্যন্ত  গত ২৪ ঘণ্টার করোনা পরিস্থিতি বর্ণনা করে গণমাধ্যমতে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

সিভিল সার্জন জানান, বুধবার গত এক সপ্তাহে পর্যন্ত চট্টগ্রামে সর্বমোট ৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ বুধবার আটজনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের কারো মধ্যে করোনার সংক্রমণ পাওয়া যায়নি।#

পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।