অবর্ণনীয় কষ্টে খেটে খাওয়া মানুষ; সংকট মোকাবেলায় চলছে নানামুখী উদ্যোগ
https://parstoday.ir/bn/news/bangladesh-i78765-অবর্ণনীয়_কষ্টে_খেটে_খাওয়া_মানুষ_সংকট_মোকাবেলায়_চলছে_নানামুখী_উদ্যোগ
করোনাভাইরাস মোকাবিলায় সরকার সারাদেশ লকডাউন ঘোষণা করার পর থেকেই খেটে খাওয়া মানুষের আয়-রোজগার বন্ধ থাকায় অবর্ণনীয় কষ্টের মাঝে দিন কাটাচ্ছে তাদের পরিবার।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০২, ২০২০ ১৬:৩৭ Asia/Dhaka

করোনাভাইরাস মোকাবিলায় সরকার সারাদেশ লকডাউন ঘোষণা করার পর থেকেই খেটে খাওয়া মানুষের আয়-রোজগার বন্ধ থাকায় অবর্ণনীয় কষ্টের মাঝে দিন কাটাচ্ছে তাদের পরিবার।

ইতোমধ্যে প্রশাসনেরর পক্ষ থেকে দেশব্যাপী জরুরী খাদ্য সাহায্য বিতরণ শুরু হয়েছে। এগিয়ে এসেছে বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠন।  

এ প্রসঙ্গে বগুড়ার জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা চেষ্টা করছি সকল দিনমজুর ও কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিতে। আমরা আজকেও (বৃহস্পতিবার) ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছি।

তিনি বলেন, সরকারি বরাদ্দ উপজেলা পর্যায়ে ইউএনওদের মাধ্যমে দেওয়া হচ্ছে। যাদের নাম তালিকায় আসছে না তারা যেন ইউএনও বা সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে যোগাযোগ করে বরাদ্দের তালিকায় নাম লেখায়। অথবা জেলা প্রশাসক বরাবর কেউ আবেদন করলেও আমরা খাদ্যসামগ্রী তাদের বাড়িতে পৌঁছে দেব।’

তবে গ্রামের দিন মজুর, নিম্ন আয়ের মানুষ এমনকী মধ্যবিত্ত পরিবারেও চলছে সংকটাপন্ন অবস্থা। এমনটি জানালেন ঝালকাঠি জেলার একজন ইউনিয়নপরিষদ সদস্য হারুন মেম্বার। তিনি জানালেন, প্রশাসনের পক্ষ থেকে ২০-২৫টি পরিবারের জন্য সাহায়্য পাওয়া গেলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এদিকে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী সংস্থা, সংগঠন ও ব্যক্তি এ সংকটময় মুহুর্তে চিকিৎসকদের জন্য সুরক্ষা পোশাক ও দরিদ্রদের জন্য খাদ্য সামগ্রী বিতরণের কাজে এগিয়ে এসেছে।

জমিয়াতুল মোদারেছীন: 

মাদ্রাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদারেছীন আজ বৃহস্পতিবার গাজীপুর জেলা জমিয়াতুল মোদারেছীনের পক্ষ থেকে তাদের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের নিকট ৭০ টি পরিবারের জন্য চাল,ডাল আলু সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী হস্তান্তর করেছে। এ পরিস্থিতিতে আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএসসি) চিকিৎসক ও নার্সদের সুরক্ষায় পার্সোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) পৌঁছে দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কুসুম শিকদার। 

পুলিশের সাহায্য:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ বুধবার (১ এপ্রিল) রাতে ফেসবুক পেজে একটি  পোস্ট  দিয়ে আহবান জানিয়েছে  ‘অসহায়, দুস্থ , নিম্ন আয়ের চাকুরিজীবী, নিম্নমধ্যবিত্ত যারা কারেও নিকট হাত পাততে পারেন না তাদের সাহায্যের জন্য মোবাইল নম্বসহ ইনবক্স করুন। পরিচয় গোপন রেখে সাধ্যমত সাহায্য করা হবে।’ গতকাল রাতে এই পোস্টটি দেয়ার পরে অনেক সাড়া এসেছে। তাদের আর্থিক অবস্থা বিবেচনা করে ইতোমধ্যে অনেককে সাহায্য পৌঁছে দেয়া হয়েছে।  

খুলনা জেলা প্রশাসন:

করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত ‘ঘরে থাকুন, নিরাপদে থাকুন’ কর্মসূচির কারণে স্বল্প আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মহীন দরিদ্র ও  অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য চালু করা হয়েছে হটলাইন। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ উদ্যোগ সফল করতে অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক করে আরো পাঁচজন সহকারী কমিশনারের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছেন। খুলনার বিভিন্ন প্রান্তের দুঃস্থ, অসহায় কর্মহীন মানুষ যাদের ঘরে খাবার নেই তাদেরকে হটলাইনে যোগাযোগ করার জন্য অনুরোধ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বাজার মনিটরি:

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক, স্থিতিশীল এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে রাজধানীর  বাজারে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টা থেকে এ অভিযান শুরু হয়।

দোকান যাবে বাড়ি:

ওদিকে, করোনা ভাইরসের সংক্রমন প্রতিরোধে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ে জনগনকে বাজার গমনে নিরুৎসাহিত করতে চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে চালু করা হয়েছে “দোকান যাবে বাড়ি” কার্যক্রম। করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পেতে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছেন সরকার। এ অবস্থায় জরূরী ঔষধ, কাঁচামাল, মুদিমাল, সহ নিত্য-প্রয়োজনীয় পন্য কিনতে  সর্বসাধারণকে যাতে ঘর থেকে বের হয়ে বাজারে বা দোকানে  যেতে না হয় সেজন্যই এ ব্যাতিক্রমী উদ্যোগ “দোকান যাবে বাড়ি” গড়িতে করে   গ্রামে গ্রামে জনসাধারনের বাড়িতে হাজির হচ্ছে।#

পার্সটুডে/বাবুল আখতার/আবদুর রহমান খান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।