বাংলাদেশে আরও ১৮ ব্যক্তি করোনায় আক্রান্ত, মৃত্যু ১ : সরকারি ছুটি বাড়ল
https://parstoday.ir/bn/news/bangladesh-i78838-বাংলাদেশে_আরও_১৮_ব্যক্তি_করোনায়_আক্রান্ত_মৃত্যু_১_সরকারি_ছুটি_বাড়ল
বাংলাদেশে আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১৮ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রন্ত হয়ে এখন পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে। তাছাড়, মোট আক্রান্ত হয়েছেন ৮৮ জন। সুস্থ হয়েছেন ৩৩ জন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ০৫, ২০২০ ১৩:৫০ Asia/Dhaka
  • ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা
    ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

বাংলাদেশে আজ সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১৮ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রন্ত হয়ে এখন পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে। তাছাড়, মোট আক্রান্ত হয়েছেন ৮৮ জন। সুস্থ হয়েছেন ৩৩ জন।

আজ (রোববার) স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, একদিনে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত ১৮ জনের মধ্যে মধ্যে ১১ জনের বাসা রাজধানীর মিরপুরের টোলারবাগে। নয়জনের বাসা বাসাবোতে।

বাংলাদেশে করোনা বিস্তারের এ অবস্থায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ আজ সুস্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ অতিমাত্রায় ছড়িয়ে পড়লে তা মোকাবিলা করা সম্ভব হবে না। 

আজ স্বাস্থ্য অধিদফতরে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে অংশ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘চীনের উহানে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়লে ওই সময়েই আমরা প্রস্তুতি নিতে শুরু করি। পরিস্থিতি কোনদিকে যাচ্ছে তা আমরা আস্তে আস্তে জানতে পারছি। প্রতিদিন-প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। আমরা আসলে জানি না এই পরিস্থিতি কবেনাগাদ শেষ হবে।’

সরকারের এ দায়িত্বশীল কর্মকর্তা আশংকা প্রকাশ করে বলেছেন, করোনা সংক্রমণ অতিমাত্রায় ছড়িয়ে পড়লে আমাদের প্রস্তুতি দিয়ে তা মোকাবিলা করা অসম্ভব। আমরা গত তিনমাস ধরে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছি। আমরা শরীরে ও মনে ক্লান্ত। এ অবস্থায় করোনা পরিস্থিতি কীভাবে মোকাবিলা করব সে বিষয়ে কাজ করছি।’

ব্যক্তি পর্যায়ে যার যার দায়িত্ব আছে তা পালন করার আহ্বান জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রত্যেকের অধিকার আছে নিজেকে রক্ষা করা। কারও যদি সন্দেহ হয় আপনি আক্রান্ত, আপনারও দায়িত্ব  আছে অন্যকে রক্ষা করার। তাই সামাজিক দূরত্ব বজায় রাখার যে কথা বলা হচ্ছে তা মেনে চলতে হবে।

আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

ঢাকায় আসা-যাওয়া বন্ধ

এদিকে, করোনা প্রতিরাধে ঢাকায় প্রবেশ বা বের হওয়া বন্ধ রাখতে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, ‘রাজধানীসহ ঢাকার আশপাশের এলাকায় কেউ যেন প্রবেশ করতে না পারে এবং কেউ যেন বেরও হতে না পারে ‘

রোববার দুপুরে পুলিশ সদর দফতরের সহকারী উপ মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা গণমাধ্যমকেবলেন, ‘জরুরি সেবার সঙ্গে নিয়োজিতরা ছাড়া রাজধানীকে কেন্দ্র করে সাধারণ মানুষের আগমন-বহির্গমন বন্ধ থাকবে, এ ব্যাপারে মাঠ পর্যায়ের পুলিশকে আইজিপি কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন।’

পুলিশের মিডিয়া শাখার এ কর্মকর্তা বলেন, ‘সব ধরনের মুভমেন্ট বন্ধ আছে। কেউ ঢাকার বাইরে যেতে পারবেন না, ঢাকায় ঢুকতেও পারবেন না। যে যেখানে আছেন সেখানে অবস্থান করবেন, কোথাও সমবেত হতে পারবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। স্বাস্থ্য সুরক্ষা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।’ তবে একান্ত জরুরি প্রয়োজন থাকলে তার বা তাদের বিষয়টি শিথিলযোগ্য হতে পারে বলেও জানান তিনি।

প্রবাসে সাবেক এমপি’র মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম (ইন্না ইলাহি...রাজিউন)। গতকাল শনিবার ভো‌রে নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

সিরাজুল ইসলাম মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে দু’বা‌র সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একবার উপ‌জেলা চে‌য়ারম‌্যান‌ হি‌সে‌বে দা‌য়িত্ব পালন ক‌রেন। শিক্ষকতা থে‌কে তিনি ভো‌টের রাজনী‌তি‌তে আসেন। মহান মু‌ক্তিযুদ্ধেও ছিলো তার অসামান‌্য অবদান।

সরকারি ছুটি বাড়ল ১৪ এপ্রিল পর্যন্ত

এদিকে, সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ ১৩ এপ্রিল পর্যন্ত বাড়লো হয়েছে। আজ  জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে  জানানো  হয়েছে, গত ১ এপ্রিলের প্রজ্ঞাপনে ঘোষিত সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটির ধারাবাহিকতায় আগামী ১২ ও ১৩ এপ্রিল সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হলো। এর সঙ্গে ১৪ এপ্রিলের সরকারি ছুটিও সংযুক্ত থাকবে।

 তবে, জরুরি সেবা খাতের বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেটের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে না।

এছাড়া, কৃষিপণ্য, সার, কীটনাশক, জ্বালানি, সংবাদপত্র, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জাম, জরুরি-নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন, কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপাতাল এই ছুটির আওতামুক্ত থাকবে। জরুরি প্রয়োজনেও অফিস খোলা রাখা যাবে।

বিমান চলাচল বন্ধ বাড়ল

করোনাভাইরাসের কারণে দেশে সাধারণ ছুটি বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

রোববার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ বিষয়ে আদেশ জারি করেছে।

প্রবাসীদের ফেরত আনার তাগিদ

করোনাভাইরাসের কারণে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে কয়েকটি দেশ তাদের দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরত আনার জন্য চিঠি দিয়েছে।

রোববার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আবদুল মোমেন এ কথা বলেন।

তিনি বলেন, এই দুর্দিনে কয়জনকে ফেরত আনব তা নিয়ে আমরা আজ বসেছি। বুঝে শুনে বাস্তবতার নিরিখে পদক্ষেপ নেওয়া হবে। পররাষ্ট্র মন্ত্রী বলেন, এ বিষয়ে আমরা বিভিন্ন দেশকে চিঠি দিয়ে বলব, আমাদের অসুবিধা, তোমাদেরও অসুবিধা। মানবাধিকার বিষয়টি সামনে এনে এদের তোমরা সাহায্য করেছ, আরও করো। তাহলে আমরা খুশি হবো।

নারায়ণগঞ্জে লকডাইন

নারায়ণগঞ্জের এক ব্যক্তি (৫৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল শনিবার সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 

গত বৃহস্পতিবার জ্বর ও শ্বাসকষ্টের কারণে ওই ব্যক্তিকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরীক্ষায় নিশ্চিত হয়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। পরে গতকাল দুপুরে আইইডিসিআরের তত্ত্বাবধানে রাজধানীর খিলগাঁও কবরস্থানে ওই ব্যক্তির দাফন হয়।

এই মৃত্যুর ঘটনার পর গতকাল (শনিবার) রাত একটার দিকে ওই ব্যক্তির বাড়ির আশপাশের এলাকা লকডাউন ঘোষনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ জানৃন, নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ নিয়ে এ পর্যন্ত দুজনের মৃত্যু হলো।

এর আগে গত ৩০ মার্চ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রসুলবাগ এলাকায় ৪৫ বছর বয়সী নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। পরিবার তাঁর লাশ এলাকার স্থানীয় কবরস্থানে দাফন করেন। পরে ওই নারীর নমুনা পরীক্ষায় জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। গত বৃহস্পতিবার রাত থেকে রসুলবাগ এলাকা লকডাউন করে উপজেলা প্রশাসন।

মাদারীপুর

জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার এক ড্রেজার ব্যবসায়ী মারা গেছেন। গতকাল শনিবার মধ্যরাতে নিজের বাড়িতে মারা যান তিনি। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা নিশ্চিত হওয়ার জন্য আজ রোববার নমুনা সংগ্রহ করা হয়েছে।

উল্রেখ্য, প্রচুর সংখ্যক প্রবাসী অধ্যুষিত মাদারীপুরে গত ১ মার্চ থেকে ৩ হাজার ৫৩২ জন প্রবাসী তাদের বাড়িতে আসেন। তাঁদের মধ্যে হোম কোয়ারেন্টিনে ছিলেন ১ হাজার ৩৮৮ জন। ইতোমধ্যে হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে ১ হাজার ১৯১ জনের। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ২১৭ জন। এ ছাড়া মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ছিলেন ৫ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন ৩ জন। বর্তমানে সদর উপজেলার এক ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে কেউ নেই।

মিরপুরে লকডাউন

রাজধানীর  মিরপুর-১ নম্বর ওভারব্রিজের পাশে তানিম গলিতে বসবাসকারী দুজন সর্দি-কাশির রোগীর দেহে করোনা পজিটিভ শনাক্ত হবার সেখানকার  দুটি বহুতল ভবন ও একটি টিনশেড বাড়ি লকডাউন করা হয়েছে। সেখানে প্রায় ২৫ পরিবারের বসবাস করছে

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পর এলাকায় মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। ওইসব বাড়িতে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। তবে বিশেষ প্রয়োজনে প্রতি পরিবার থেকে একজন বিশেষ পোশাক পরে বাইরে যেতে পারছেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।