ত্রাণ চুরির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি: আওয়ামী লীগ নেতা বহিস্কার, দুদকে মামলা
https://parstoday.ir/bn/news/bangladesh-i79107-ত্রাণ_চুরির_বিরুদ্ধে_প্রধানমন্ত্রীর_হুঁশিয়ারি_আওয়ামী_লীগ_নেতা_বহিস্কার_দুদকে_মামলা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা আজও সতর্ক করে দিয়ে বলেছেন, ত্রাণ বিতরণে যেকোনো অনিয়ম বরদাস্ত করা হ‌বে না। কেউ অ‌নিয়ম কর‌লে তার বিরুদ্ধে দল-মত বিবেচনা না করে কঠোর ব্যবস্থা নি‌তে হ‌বে। ত্রাণ নি‌য়ে দুর্নী‌তি করা ব্যক্তি সে আমার দলেরই হোক বা অন্য দলেরই হোক, যেই হোক আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ১৫, ২০২০ ১৫:১৯ Asia/Dhaka
  • শেখ হাসিনা
    শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা আজও সতর্ক করে দিয়ে বলেছেন, ত্রাণ বিতরণে যেকোনো অনিয়ম বরদাস্ত করা হ‌বে না। কেউ অ‌নিয়ম কর‌লে তার বিরুদ্ধে দল-মত বিবেচনা না করে কঠোর ব্যবস্থা নি‌তে হ‌বে। ত্রাণ নি‌য়ে দুর্নী‌তি করা ব্যক্তি সে আমার দলেরই হোক বা অন্য দলেরই হোক, যেই হোক আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

করোনা পরিস্থিতি মোকাবিলায় আজ (বুধবার) দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণকালে এ কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি অনেকে অনেক কথা বলে বেড়াচ্ছেন, অনেক দল-মত, সুশীল সমাজ বা অনেকেই। তারা কিন্তু মানুষের সাহায্যে এগিয়ে আসছে না। সমালোচনা করতেই ব্যস্ত।

শেখ হাসিনা বলেন, ৬৮ হাজার জায়গায় আমরা ঠিক মতো দিয়ে যাচ্ছি, সেখানে ৫/৭ জায়গায় একটু সমস্যা হয়েছে, আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নিয়েছি। সেটা নিয়ে তারা চিৎকার করে যাচ্ছেন। তারা কিন্তু একটা মানুষকে একটি পয়সা দিয়েও সাহায্য করছে না। মানুষের পাশে দাঁড়াচ্ছে না।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছেন, ত্রাণ বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। খেটে খাওয়া মানুষের ত্রাণ নিয়ে যারা ছিনিমিনি খেলবে তারা যেই হোক তাদের কঠোর হস্তে দমন করা হবে।

আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ প্রশাসনকে অনুরোধ করেছেন, এরকম চাল চুরির বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেয়া হয়।

অপরদিকে, সরকারি জোটের অংশিদার বাংলাদেশের ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন, ত্রাণ নিয়ে কোনো রকম দলবাজি, অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না। এ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে সরকারি নীতি কঠোরভাবে পালন করতে হবে।

গত মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে জাতীয় গার্হ্যস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন আয়োজিত অসহায় ও দুঃস্থ গৃহশ্রমিকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনকালে রাশেদ খান মেনন এসব কথা বলেন।

বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন

পাবনায় আওয়ামী লীগ নেতা বহিস্কৃত

ওদিকে, চাল চুরির দায়ে গ্রেফতার ও দল থেকে বহিষ্কৃত এক ইউনিয়ন পরিষদ সদস্যের পক্ষ নেয়ায় পাবনা জেলার বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেড়ার পৌর মেয়র আব্দুল বাতেনকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল (মঙ্গলবার) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামালের নির্দেশে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

অব্যাহতি পাওয়া আব্দুল বাতেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর ছোট ভাই। তিনি মেয়র অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাবস) নির্বাচিত সভাপতি।

উল্লেখ্য, সরকারি চাল নিয়ে  নয়-ছয় করতে গিয়ে এরইমধ্যে নাটোর, জয়পুরহাট ও যশোরে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন। যাদের মধ্যে আওয়ামী লীগের স্থানীয় নেতারাও রয়েছেন। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ, মৌলভীবাজার, কুমিল্লা, লক্ষ্মীপুর, ভোলা, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালি, খুলনা, সাতক্ষীরা, নাটোর, রংপুরসহ বিভিন্ন স্থানে সরকারি ত্রাণ বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।

দুদকে মামলা

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিতে দুর্নীতির অভিযোগে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়ন পরিষদের সদস্য মো. সেকেন্দার মিয়ার বিরুদ্ধে মামলা করেছে দুদক। মঙ্গলবার মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের ঢাকা-১ এর সহকারী পরিচালক মোঃ আবদুল ওয়াদুদ।

এজাহারে বলা হয়, আসামি জনপ্রতিনিধি হয়ে ন্যস্ত ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাসমূহ সঠিকভাবে জনগণের মাঝে বণ্টন না করে অবৈধভাবে টাকা গ্রহণ করার বিনিময়ে কার্ড বিতরণ করার মাধ্যমে অবৈধভাবে অর্থগ্রহণ করেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।