চাল চোরদের ক্ষমা নেই- কাদের : সাধারণ জনগণ ত্রাণ পাচ্ছে না- রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i79256-চাল_চোরদের_ক্ষমা_নেই_কাদের_সাধারণ_জনগণ_ত্রাণ_পাচ্ছে_না_রিজভী
করোনাভাইরাস সংকটে সরকারি ত্রাণ কার্যক্রমে অনিয়মে জড়িতদের আবারও সতর্ক করলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, যারা ত্রাণ নিয়ে অনিয়ম করবে, তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার কঠোর অবস্থানে রয়েছেন। তাদের কোনোভাবেই ক্ষমা করা হবে না। চাল চোরদের ক্ষমা নেই।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ২১, ২০২০ ১৫:২৩ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

করোনাভাইরাস সংকটে সরকারি ত্রাণ কার্যক্রমে অনিয়মে জড়িতদের আবারও সতর্ক করলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, যারা ত্রাণ নিয়ে অনিয়ম করবে, তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার কঠোর অবস্থানে রয়েছেন। তাদের কোনোভাবেই ক্ষমা করা হবে না। চাল চোরদের ক্ষমা নেই।

আজ (মঙ্গলবার) সংসদ ভবনের সরকারি বাসভবনে অনলাইন সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরও বলেন, দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক ত্রাণ কমিটি করতে হবে। ত্রাণ সুবিধা পাওয়ার উপযোগীদের মধ্য থেকে দল-মত নির্বিশেষে যার যা প্রাপ্য, ঠিক সে অনুযায়ী দ্রুততার সঙ্গে তালিকা প্রণয়ন করতে হবে। এই তালিকা অনুযায়ী প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ত্রাণকাজ পরিচালনা করতে হবে।

‘বিএনপির ত্রাণ বিতরণ কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কে বাধা দিয়েছে, কোথায় বাধা দিয়েছে? সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ দিন। এমন অমানবিক কাজ কেউ করে থাকলে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা নিঃসন্দেহে শাস্তিযোগ্য অপরাধ।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, আসলে বিএনপির এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন, এর কোনো তথ্যপ্রমাণও নেই। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য সরকারের প্রয়োজন নেই। তারা নিজেরাই নিজেদের ধ্বংসের জন্য যথেষ্ট। নিজেদের নেতিবাচক রাজনীতির জন্যই আজ তাদের এই পরিণতি। 

রুহুল কবির রিজভী

দুর্ভিক্ষের পদধ্বনির মধ্যে চাল চোরদের উৎসব চলছে: রিজভী

এদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারি ত্রাণ জনগণের টাকায় কেনা। সেই ত্রাণ সাধারণ জনগণ পাচ্ছে না। ত্রাণের চাল-তেল-ডাল পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের মেম্বার-চেয়ারম্যানের বাড়িতে। দুর্ভিক্ষের পদধ্বনির মধ্যে চাল চোরদের উৎসব চলছে।

মঙ্গলবার রাজধানীর কাফরুল থানা বিএনপির উদ্যোগে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় আরও ছিলেন ড্যাবের ডা. জহিরুল ইসলাম শাকিল, বিএনপির ঢাকা মহানগর উত্তরের তরিকুল ইসলাম প্রমুখ।

রিজভী বলেন, বাংলাদেশ ৮ মার্চ ৩ জন রোগী শনাক্ত হয়। সরকার তখনো কোনো ব্যবস্থা না নিয়ে অন্য কাজে ব্যস্ত ছিল। সরকার কার্যকর  প্রস্তুতি  গ্রহণ না করায় বাংলাদেশে করোনা মহামারি আকার ধারণ করছে। কিন্তু আমরা কি দেখছি নিম্ন আয়ের মানুষ যারা দিন আনে দিন খায় তারা খাবার সংগ্রহ করতে পারছে না। তারা ক্ষুধার জ্বালায় হাহাকার করছে। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পতিত হয়েছে।

রিজভী বলেন, মহামারির মধ্যে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। কুষ্টিয়ায় একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সরকার মনে করছে বিএনপি যেভাবে মানুষের সহযোগিতায় এগিয়ে আসছে, ত্রাণ বিতরণ করছে তাতে তাদের মুখ আর থাকছে না। সরকারি দলের লোকেরা ত্রাণ চুরি করছে আর বিএনপির লোকেরা পকেটের টাকায় ত্রাণ দিচ্ছে। এজন্য সরকার জুলুমের পথ বেছে নিয়েছে। মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। তারা যতই গ্রেপ্তার করুক আমরা এই মহামারিতে মানুষের পাশে আছি এবং থাকব।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।