সাগরে ভাসমান ৫০০ রোহিঙ্গার দায় বাংলাদেশ নেবে না: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i79341-সাগরে_ভাসমান_৫০০_রোহিঙ্গার_দায়_বাংলাদেশ_নেবে_না_পররাষ্ট্রমন্ত্রী
মালয়েশিয়ায় প্রবেশ করতে না পেরে সাগরে ভাসতে থাকা প্রায় ৫০০ রোহিঙ্গা শরণার্থীদের কোনো দায় নিতে বাংলাদেশ রাজি নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ২৪, ২০২০ ২০:০১ Asia/Dhaka
  • ড. এ কে আব্দুল মোমেন
    ড. এ কে আব্দুল মোমেন

মালয়েশিয়ায় প্রবেশ করতে না পেরে সাগরে ভাসতে থাকা প্রায় ৫০০ রোহিঙ্গা শরণার্থীদের কোনো দায় নিতে বাংলাদেশ রাজি নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ (শুক্রবার) গণমাধ্যমের সঙ্গে মত বিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী জানান, এক সপ্তাহ আগে প্রায় ৫০০ রোহিঙ্গা শরণার্থী নৌকাযোগে মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসে। এখন আর নতুন করে এসব রোহিঙ্গাদের গ্রহণ করতে বাংলাদেশ রাজি নয়। সাগরে ভাসমান এ রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমায় নেই। দুটি নৌকায় তারা বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে ঘুরছেন। তারা মালয়েশিয়ায় আশ্রয় নিতে চাইলেও ওই দেশের সরকার তাদেরকে দেশটিতে প্রবেশ করতে দেয়নি। ফলে তারা এখন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন।'

রোহিঙ্গাদের একটি নৌকা

ড. এ কে আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গাদের গ্রহণ করার জন্য বাংলাদেশের কোনো দায়বদ্ধতা নেই। তাদের সাহায্যের জন্য অন্য দেশও এগিয়ে আসতে পারে।

সাংবাদিকদের কাছে তিনি প্রশ্ন রাখেন, 'এই অঞ্চলে আরও দেশ আছে। মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, ফিলিপিন, তাদের কাছে কেউ রোহিঙ্গাদের নেওয়ার জন্য অনুরোধ করে না। শুধু বাংলাদেশের কাছে করে কেন?'

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক সপ্তাহ আগে চারশ’র বেশি রোহিঙ্গা শরণার্থী নৌকাযোগে মালয়েশিয়া যেতে ব্যর্থ হয়ে ফিরে আসলে বাংলাদেশ তাদের গ্রহণ করেছে। এখন আর নতুন করে এসব রোহিঙ্গাদের গ্রহণ করতে বাংলাদেশ রাজি নয়।

সম্প্রতি কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের হলবনিয়াপাড়া ঘাট থেকে চার শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ড। উদ্ধার হওয়া প্রত্যেকেই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবির থেকে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।