টাস্কফোর্স গঠনের দাবি বিএনপি’র
সরকারের সমালোচনার ভাইরাসে আক্রান্ত বিএনপির রাজনীতি: কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপির রাজনীতি। করোনার এই সংকটকালে বিএনপি মহাসচিব সরকারের ব্যর্থতার নামে মিথ্যাচার করছেন উল্লেখ করে তিনি বলেন, তারা কখনো জনগণের কথা বলেনি, পাশেও থাকেনি।
আজ (মঙ্গলবার) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনার অভিন্ন টার্গেট দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলেই।
করোনা পরিস্থিতি মোকাবেলায় টাস্ক ফোর্স গঠনের জন্য বিএনপি’র প্রস্তাবকে নাকচ করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক টাস্কফোর্স বিশ্বের কোথাও গঠিত হয়নি। বিভিন্ন দেশে ভ্যাকসিন ও চিকিৎসা সম্পর্কিত টাস্কফোর্স হচ্ছে। তিনি এই করোনার দুর্যোগে মানুষকে বাঁচানোর পাশাপাশি অর্থনৈতিক চাকা সচল করতেও সরকার কাজ করছে বলে জানান।
আজ (মঙ্গলবার) দলীয় চেয়ারপাসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা পরিস্থিতি সামাল দিতে শুরু থেকেই সরকারের পক্ষ থেকে এক ক্ষমাহীন উদাসীনতা পরিলক্ষিত হয়েছে। এখন তাদের অবস্থা লেজেগোবরে।
সংক্রমণ আরো বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রীর আশঙ্কা
এদিকে সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আশঙ্কা ব্যক্ত করে বলেছেন, দোকান পাট ও গার্মেন্টস খুলে দেয়ায় সংক্রমণ আরো বাড়তে পারে।
আজ বিকেলে করোনা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির বৈঠকের আগে মুহূর্তে স্বাস্থ্য মন্ত্রী জানান, গার্মেন্টস, দোকানপাট ও শপিংমল খুলে দেয়ার বিষয়ে বিশেষজ্ঞদের প্রস্তাবনা ও পরামর্শ সরকারের কাছে শিগগিরই জমা দেয়া হবে।
দু’ হাজার নতুন চিকিৎসক নিয়োগ
করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে দুই হাজার চিকিৎসককে সহকারী সার্জন পদে নিয়োগ দিয়েছে সরকার। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব চিকিৎসককে স্বাস্থ্য সেবা বিভাগ যেখানে পদায়ন করবে সেই কর্মস্থলে আগামী ১২ মে যোগদান করতে হবে।
করোনাভাইরাসের মহামারির মধ্যে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী দুই হাজার চিকিৎসককে নিয়োগে গত ৩০ এপ্রিল সুপারিশ করে পিএসসি। ৩৯তম বিশেষ বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ না থাকায় ৮ হাজার ১০৭ জন নিয়োগের জন্য সুপারিশ পাননি। তাদের মধ্য থেকে দুই হাজার জনকে সহকারী সার্জন পদে নিয়োগের সুপারিশ করেছিল কমিশন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।