বিএনপির রাজনীতি টেলিভিশন নির্ভর- কাদের : দেশের পরিস্থিতি ভয়াবহ- রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i79654-বিএনপির_রাজনীতি_টেলিভিশন_নির্ভর_কাদের_দেশের_পরিস্থিতি_ভয়াবহ_রিজভী
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার কী করেছে বা করছে তা বিএনপিকে চোখে আঙুল দিয়ে দেখানোর দরকার নেই। আন্তর্জাতিক সাময়িকীতে শেখ হাসিনার নেতৃত্ব এবং তার সরকারের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করা হচ্ছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ০৬, ২০২০ ১৪:৩৯ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের- রুহুল কবির রিজভী
    ওবায়দুল কাদের- রুহুল কবির রিজভী

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার কী করেছে বা করছে তা বিএনপিকে চোখে আঙুল দিয়ে দেখানোর দরকার নেই। আন্তর্জাতিক সাময়িকীতে শেখ হাসিনার নেতৃত্ব এবং তার সরকারের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করা হচ্ছে।

আজ (বুধবার) সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনা প্রচারে বিশ্বাসী নয়, তিনি কাজে বিশ্বাসী। সরকারের ভুল হলে তা সংশোধনের পরামর্শ দিন। ভুল সংশোধনের গঠনমূলক পরামর্শ আর যে কোনো যুক্তিগ্রাহ্য পরামর্শ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিবাচকভাবেই দেখেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির রাজনীতি এখন টেলিভিশন নির্ভর। বিএনপিকে গণমাধ্যমেই আসলে বাঁচিয়ে রেখেছে। সরকার অনেক বেশি টেলিভিশনের অনুমতি দিয়েছে বলেই অস্তিত্ব প্রকাশের সুবর্ণ সুযোগ পেয়েছে। টেলিভিশন না থাকলে বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে আরও গুরুত্বহীন হয়ে পড়ত। আসলে গণমাধ্যমই বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। এই সংকটেও আমরা দেখতে পাচ্ছি, বিএনপির রাজনীতি নেতিবাচকতার বৃত্তে আবর্তিত হচ্ছে।’ বিএনপিকে আবারও দেশের এ সংকটে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।’

মানুষের জীবনকে পরোয়া করছে না সরকার: রিজভী

ওদিকে, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও শপিংমল খোলার নির্দেশ দেওয়ায় সরকারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার মানুষের জীবনকে পরোয়া করছে না।

বুধবার সকালে রাজশাহী মহানগরীর কাজিহাটা এলাকায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, প্রতিদিনই করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ রকম পরিস্থিতিতে সরকার শপিং মল খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানও খুলে দেওয়া হয়েছে।  

তিনি বলেন, সরকারের কাজে এবং কথায় মনে হচ্ছে, মানুষের জীবনের চেয়ে অন্য কিছু গুরুত্বপূর্ণ। তারা মানুষের জীবনকে পরোয়া করছে না।

বিএনপির এই নেতা বলেন, আজকে সারাদেশে ভয়াবহ রকম পরিস্থিতি বিরাজ করছে। জনগণের টাকায় কেনা ত্রাণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, আওয়ামী লীগের নেতাদের বাড়ির মাটির গর্তে, খড়ের পালার মধ্যে চাল এবং খাটের ভেতর তেল পাওয়া যাচ্ছে।

রিজভী উল্লেখ করেন, বিএনপি প্রায় ১২ লাখ পরিবারকে ত্রাণ সরবরাহ করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ত্রাণ বিতরণ চলছে। পাড়া-মহল্লায় নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।