করোনাভাইরাস: বাংলাদেশে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু: ৫,০৫৪ নার্স নিয়োগ
-
করোনায় মৃত এক ব্যক্তিকে দাফনের আগে জানাজা পড়া হচ্ছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে ২৪ ঘণ্টায় ১৩ জন মারা গেছেন। এটি একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে ১৯৯ জন মারা গেল। আজ (বৃহস্পতিবার) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মৃতদের মধ্যে আটজন পুরুষ ও পাঁচজন নারী। তাদের মধ্যে ঢাকা শহরে ছয়জন, ঢাকা বিভাগে তিনজন ও চট্টগ্রাম বিভাগে চারজন মারা গেছেন। এসব ব্যক্তির মধ্যে ছয়জনের বয়স ষাটোর্ধ্ব, চারজন ৫১ থেকে ৬০, দুজন ৪১ থেকে ৫০ এবং একজন ১১ থেকে ২০ বছরের মধ্যকার ছিলেন। শেষের ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
এর আগে দুপুরে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা নিয়মিত অনলাইন বুলেটিনে জানান, গত ২৪ ঘণ্টায় দেশে ৭০৬ জনের বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মোট ৬ হাজার ৩৮২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৫ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৭০৬ জনসহ দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১২ হাজার ৪২৫ জনে দাঁড়াল।
তবে একই সময়ে কতজন মৃত্যুবরণ করেছে সে বিষয়ে ডা. নাসিমা সুলতানা তখন বলেন, “আমরা এই মুহূর্তে মৃত্যুর তথ্যটা দিতে পারছি না। এটা আমরা প্রেস রিলিজে দিয়ে দেব।”
করোনাভাইরাস মোকাবিলায় ৫,০৫৪ নার্স নিয়োগ
করোনাভাইরাস মোকাবিলায় সারাদেশে ৫ হাজার ৫৪ জনকে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালে সাময়িকভাবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্তদের ১৩ মে নিজ নিজ কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে গত ২৫ এপ্রিল করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় জনপ্রশাসন বরাবর ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্সের জন্য চিঠি দেয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কর্ম কমিশন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিকট সুপারিশকৃত নার্সের তালিকা থেকে এই ৫০৫৪ জন নার্সকে সাময়িকভাবে পদায়ন করেছে। আগামী ১২ মের মধ্যে ২ হাজার চিকিৎসক নিয়োগের কাজও সম্পন্ন করা হবে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।