করোনায় সিএমএইচে বাংলাদেশ সেনাবাহিনীর বতর্মান ও সাবেক ৬ জনের মৃত্যু
-
করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর ত্রাণ বিতরণসহ বিভিন্ন কার্যক্রম
বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এ পর্যন্ত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন দুই সেনা সদস্যসহ ছয় জন মারা গেছেন। এর মধ্যে চার জন অবসরপ্রাপ্ত সদস্য রয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত যে ছয়জনের মৃত্যু হয়েছে, তাদের দুইজন কর্মরত সেনাসদস্য এবং বাকি চারজন সত্তরোর্ধ্ব অবসরপ্রাপ্ত সদস্য। তাদের প্রত্যেকেই ‘অনিরাময়যোগ্য বিভিন্ন শারীরিক জটিলতায়’ ভুগছিলেন। এই হাসপাতালে যারা চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে ৮৮ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ও হাসপাতালে ভর্তি থাকা অন্যরাও সুস্থ রয়েছেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার সাথে সাথেই করোনা আক্রান্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের চিকিৎসার ব্যবস্থার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ প্রেক্ষিতে ঢাকা সিএমএইচসহ সকল সেনানিবাসের সিএমএইচসমূহে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
আইএসপিআর জানায়, আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে (এএফআইপি) তিনটি এবং অন্যান্য সেনানিবাসের সিএমএইচে ১০টি আরটি-পিসিআর ল্যাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ‘প্রাধিকৃত’ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা রয়েছে। এএফআইপিতে নিজস্ব ব্যবস্থাপনায় এখন পর্যন্ত তিন হাজার ১৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া সব সিএমএইচে পর্যাপ্ত পরিমাণ পিপিই, মাস্ক, গ্লাভস এবং প্রয়োজনীয় ওষুধসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জাম মজুদ রয়েছে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

সিএমএইচগুলোতে পরিকল্পিতভাবে সার্বক্ষণিক প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।