লকডাউন শিথিল করে শেখ হাসিনা ভুল পথে হাঁটছেন: রিজভীর অভিযোগ
https://parstoday.ir/bn/news/bangladesh-i79816-লকডাউন_শিথিল_করে_শেখ_হাসিনা_ভুল_পথে_হাঁটছেন_রিজভীর_অভিযোগ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অভিযোগ করেছে, করোনার ভয়াবহতার মধ্যে লকডাউন শিথিল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুল পথে হাঁটছেন। প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের ফলে বেশি বেশি মানুষ করেনায় আক্রান্ত হচ্ছেন এবং প্রতিদিন মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ১২, ২০২০ ১১:৫৪ Asia/Dhaka
  • রুহুল কবির রিজভী
    রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অভিযোগ করেছে, করোনার ভয়াবহতার মধ্যে লকডাউন শিথিল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুল পথে হাঁটছেন। প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের ফলে বেশি বেশি মানুষ করেনায় আক্রান্ত হচ্ছেন এবং প্রতিদিন মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 

আজ (মঙ্গলবার) রাজধানীর অদূরে রূপগঞ্জের তারাবো পৌর বিএনপির সভাপতি নাসিরুদ্দিনের উদ্যোগে বরপা এলাকায় ত্রাণ বিতরণের সময় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন মন্তব্য করেন। 

এসময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভী বলেন, করোনার সংক্রমণে আজকে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। এরমধ্যে লকডাউন শিথিল করছেন। এখন প্রতিদিন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন রাস্তাঘাট, নদীর ধারে, হাটে বাজারে মানুষ মরে পরে থাকে। এই সরকারের কোনো ধরনের মানুষের প্রতি মায়া মহব্বত নেই। 

তিনি বলেন, বিনা ভোটে রাতের বেলা আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বাক্স বোঝাই করে  ঘোষিত তথাকথিত বিজয়ীরা যে পার্লামেন্ট তৈরি করেছে তাতে জনগণের কোনো সমর্থন নেই। যে পার্লামেন্টে জনগণের সমর্থন থাকে না সেই সরকার ফ্যাসিজম এবং স্বৈরাচারী পন্থায় দেশ চালাবে- এটাই স্বাভাবিক। সে কারণে দেশের মানুষ মরল কি বাঁচলো তাতে তাদের ভ্রুক্ষেপ নেই। তাদের ভ্রান্ত পদক্ষেপের শুধু সাধারণ মানুষ নয়  মানুষকে করোনা যুদ্ধের সামনের সারির সৈনিক ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ,  সাংবাদিকও মারা যাচ্ছেন। প্রতিদিন আক্রান্ত সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জনগণের কাছে এটা আজ স্পষ্ট যে,  সরকার করোনা মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা কোনো কিছুই সামাল দিতে পারেনি। সরকার যদি লকডাউন করে গরিব মানুষকে সহায়তা দিয়ে ঘরে বন্দি করে রাখার ব্যবস্থা নিতো তাহলে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হতো না।

রিজভী বলেন, ডিসেম্বর মাসে যখন চীনে করোনা মহামারি দেখা দিল তখন বাংলাদেশের যে ব্যবস্থা নেয়া দরকার ছিল তার সরকার নেয়নি। তারা বরং তাদের দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিল। 

ত্রাণ বিতরণকালে রিজভী বলেন, জনগণের টাকায় কেনা সরকারি ত্রাণ জনগণ পায়না। আওয়ামী লীগের চেয়ারম্যান, মেম্বার ও দলীয় নেতাকর্মীরা ত্রাণ আত্মসাৎ করছে চুরি করছে। 

রিজভী দাবি করেন, জনগণকে বাঁচাতে হলে তাদের নিরাপত্তা দিতে হলে অসহায় গরীব মানুষদের বাড়িতে বাড়িতে ত্রাণ পৌঁছে দিতে হবে। এটা সরকারের দায়িত্ব। সরকার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এই কাজটি করতে হবে।#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।