করোনার সঙ্গে বসবাসের অভ্যাস রপ্ত করতে হবে: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i79825-করোনার_সঙ্গে_বসবাসের_অভ্যাস_রপ্ত_করতে_হবে_ওবায়দুল_কাদের
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনার সঙ্গে বসবাসের অভ্যাস রপ্ত করার উপদেশ দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী প্রতিনিয়ত জনগণকে সচেতন থাকতে সংক্রমণ রোধে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এবং অনুরোধ জানাচ্ছেন। এছাড়া তিনি স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে সরাসরি মনিটরিং করছেন ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ১২, ২০২০ ১৪:৫৭ Asia/Dhaka

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনার সঙ্গে বসবাসের অভ্যাস রপ্ত করার উপদেশ দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী প্রতিনিয়ত জনগণকে সচেতন থাকতে সংক্রমণ রোধে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এবং অনুরোধ জানাচ্ছেন। এছাড়া তিনি স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয়ে সরাসরি মনিটরিং করছেন ।

আজ (মঙ্গলবার) তার সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বে বর্তমানে ২১২টি দেশে করোনার বিস্তার ঘটেছে। তার মাঝে বাংলাদেশের অবস্থান সবশেষ ৩৪। প্রতিবেশী রাষ্ট্র ভারত-পাকিস্তানসহ পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের অবস্থান ভালো হলেও পরিস্থিতি ক্রমশ অবনতিশীল। ভাইরাসের সংক্রমণ বাড়ছে বলে স্পষ্টত প্রতীয়মান হচ্ছে।’

ত্রাণ কার্যক্রমে অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে উল্লেখ করে তিনি বলেন, 'ইতোমধ্যে অনিয়মের বিরুদ্ধে আইনগত প্রশাসনিক ও দলীয় ব্যবস্থা গ্রহণ সেটাই প্রমাণ করে। সরকার কঠোর অবস্থানে আছে বলে সামান্য অনিয়ম ধরা পড়লেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই অবস্থায় ব্যবস্থা গ্রহণ নেওয়া হচ্ছেন বলে একটি মতলবি মহল যে কল্পিত অভিযোগ করছে সেটা কিছুতেই সমর্থনযোগ্য নয়।'

এ সময় ওবায়দুল কাদের বলেন, 'আমরা লক্ষ্য করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কিছু কিছু ক্ষেত্রে সাধারণ ছুটি শিথিল করার পর বাণিজ্য কেন্দ্র, ফেরিঘাট, তৈরি পোশাক শিল্পসহ অন্যান্য কারখানা এবং সর্বত্র  সামাজিক দূরত্ব ও শারীরিক দূরত্ব কঠোরভাবে মেনে চলার আহ্বান উপেক্ষিত হচ্ছে। আমাদের ভুলে গেলে চলবে না সামান্য উপেক্ষা বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। তাই এখন থেকেই সতর্ক থাকার জন্য আমি আবারও সকলকে অনুরোধ করছি।’

তিনি উল্লেখ করেন, করোনা পরিস্থিতির কারণে চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে রোগী দেখা এবং বেসরকারি ক্লিনিকে চিকিৎসা সেবা বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ অন্যান্য রোগের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন ।

এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে ও সুরক্ষা সামগ্রী ব্যবহার করে প্রতিদিন কিছু সময় প্রাইভেট চেম্বারে রোগী দেখার জন্য চিকিৎসকদের প্রতি অনুরোধ জানিয়েছেন ওবায়দুল কাদের। পাশাপাশি বেসরকারি হাসপাতাল-ক্লিনিক গুলোতে ও সুরক্ষা সামগ্রী ব্যবহার করে অন্যান্য রোগীদের চিকিৎসা সেবা চালু করার অনুরোধ জানান।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।