করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকারের সমন্বয়হীনতায় ড্যাবের উদ্বেগ
https://parstoday.ir/bn/news/bangladesh-i79860-করোনা_মোকাবেলায়_বাংলাদেশ_সরকারের_সমন্বয়হীনতায়_ড্যাবের_উদ্বেগ
করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের সমন্বয়হীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব)। চিকিৎসকদের এ সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ১৩, ২০২০ ১৬:১৫ Asia/Dhaka
  • করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকারের সমন্বয়হীনতায় ড্যাবের উদ্বেগ

করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব মোকাবেলায় বাংলাদেশ সরকারের সমন্বয়হীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব)। চিকিৎসকদের এ সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন।

বিশ্ব মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব বাংলাদেশে শুরু হওয়ার পর থেকেই আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের চিকিৎসা প্রদান, বিদেশ থেকে আগত ব্যাক্তিদের আইসোলেশন, কোয়ারেন্টিন নিশ্চিতকরণে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের মধ্যে সমন্বয়হীনতা প্রকটভাবে ধরা পড়েছে। 

বিবৃতিতে ড্যাব নেতৃবৃন্দ বলেন, সরকার ঘোষিত লকডাউন পালনে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টা থাকলেও কোনো কোনো ক্ষেত্রে দ্বিধান্বিত সিদ্ধান্তের প্রেক্ষিতে লকডাউন সফলভাবে কার্যকর না হওয়ায় বাংলাদেশের করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। অধিকহারে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ায় চিকিৎসা সেবা প্রদানে স্বাস্থ্য বিভাগের পক্ষে কষ্টসাধ্য হচ্ছে। কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষা সকলের জন্য সহজলভ্য না হওয়ায় এবং যথাযথ প্রচারণার অভাবে কোভিড শনাক্ত ও সন্দেহভাজন রোগীর চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতাল নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। ফলশ্রুতিতে অনেক রোগী বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছে।

তারা আরো বলেন, গত এক সপ্তাহের মধ্যে বেসরকারি মেডিকেল কলেজের একজন অধ্যক্ষ এবং সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন কর্মকর্তাকে এই ভাগ্যবরণ করতে হয়েছে। কোভিড রোগী ক্রমবর্ধমান হারে বৃদ্ধি ও টেস্টের অপ্রতুলতার জন্য স্বাভাবিক ভাবেই পরিস্থিতি জটিল হচ্ছে। এমতাবস্থায় কোভিড-১৯ শনাক্তকরণ ও সন্দেহভাজন রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালের সংখ্যা বৃদ্ধি করতে হবে, কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষা প্রয়োজনে বেসরকারি হাসপাতালের মাধ্যমে উন্মুক্ত করতে হবে।

নতুবা অদুর ভবিষ্যতে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করবে এবং আয়ত্বের বাহিরে চলে যাবে।

অনতিবিলম্বে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষা সহজলভ্য করার দাবি জানায় এবং কোভিড আক্রান্ত, সন্দেহভাজন ও অন্যান্য সাধারণ রোগীর চিকিৎসার জন্য হাসপাতাল নির্ধারণ করে যথাযথ চিকিৎসা প্রদানের আহ্বান জানান ড্যাব নেতৃবৃন্দ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।