জনগণের ত্রাণ চেয়ারম্যান-মেম্বার ও আওয়ামী লীগ নেতারা চুরি করছে: রিজভীর অভিযোগ
https://parstoday.ir/bn/news/bangladesh-i79964-জনগণের_ত্রাণ_চেয়ারম্যান_মেম্বার_ও_আওয়ামী_লীগ_নেতারা_চুরি_করছে_রিজভীর_অভিযোগ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সারাদেশে দুর্ভিক্ষের ছায়া নেমে এসেছে। যারা দিন আনে দিন খায়, গরীব, অসহায় মানুষ, কর্মহীন হয়ে পড়েছেন। তারা অনেক কষ্টে আছেন। অথচ জনগণের টাকায় কেনা ত্রাণ চেয়ারম্যান, মেম্বার ও আওয়ামী লীগের নেতারা চুরি করছে। আত্মসাৎ করছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ১৭, ২০২০ ১১:২৩ Asia/Dhaka
  • ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়  খাদ্যসামগ্রী বিতরণকালে বক্তব্য দেন রুহুল কবির রিজভী।
    ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণকালে বক্তব্য দেন রুহুল কবির রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সারাদেশে দুর্ভিক্ষের ছায়া নেমে এসেছে। যারা দিন আনে দিন খায়, গরীব, অসহায় মানুষ, কর্মহীন হয়ে পড়েছেন। তারা অনেক কষ্টে আছেন। অথচ জনগণের টাকায় কেনা ত্রাণ চেয়ারম্যান, মেম্বার ও আওয়ামী লীগের নেতারা চুরি করছে। আত্মসাৎ করছে।

আজ (রোববার) সকালে ময়মনসিংহের পাইথোলিন ইউনিয়নে জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ডাক্তার মোফাখখারুল ইসলাম রানার উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। 

রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, ৫০ লক্ষ অভাবী লোককে ১২৫৭ কোটি টাকা দেবেন। সেখানে সরকারের লোকেরা প্রতিজনের কাছ থেকে ৫০০ টাকা কেটে রেখে দুই হাজার টাকা দিচ্ছে। আবার যারা তালিকা করছেন, তাদের নিজস্ব লোক সচ্ছল আত্মীয়-স্বজনদের নামও তালিকায় ঢুকিয়ে  দিচ্ছেন। মহাদুর্যোগের মধ্যেও গরীব অসহায় মানুষের টাকা এভাবে আত্মসাৎ করা হলে তারা কোথায় যাবে? 

রিজভী বলেন, চীনে জানুয়ারি মাসে করোনা মহামারী শুরু হয়। তখন থেকে আমাদের দেশে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল। বাংলাদেশ সরকার সে পদক্ষেপ নেয়নি। অন্যান্য অনেক দেশ প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ায় তারা ভালো আছে। আর বাংলাদেশ পদক্ষেপ না নেয়ায় প্রতিদিন এক হাজারের বেশি লোক আক্রান্ত হচ্ছে। প্রতিদিন ১৫ থেকে ২০ জন লোক মারা যাচ্ছে। সরকার করোনা নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। 

ত্রাণ বিতরণেকালে রিজভী আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা পকেটের টাকা দিয়ে সারাদেশে অসহায় গরীব মানুষকে ত্রাণ দিচ্ছে। আমরা এমনিতেই বিপদে আছি। আমাদের রাস্তায় দেখলে গ্রেপ্তার করা হয়। ধরে নিয়ে গুম করে দেয়। এই অবস্থার মধ্যেও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যতই বিপদ আসুক, অসহায় মানুষদের পাশে থাকতে হবে। এজন্য আমরা সারাদেশে সর্বদা মানুষের পাশে আছি এবং থাকব।

ত্রাণ বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ মোহাম্মদ ইসহাক, রসির আহাম্মেদ, আবদুল গফুর, মাহাবুব রহমান ফোরকান প্রমুখ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।