মানুষ গ্রামের দিকে ছুটে যাওয়ায় করোনা সংক্রমণের উদ্বেগ বাড়ছে: কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i79992-মানুষ_গ্রামের_দিকে_ছুটে_যাওয়ায়_করোনা_সংক্রমণের_উদ্বেগ_বাড়ছে_কাদের
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদ-উল ফিতর উপলক্ষে দলে দলে মানুষ শহর ছেড়ে গ্রামের দিকে ছুটে যাওয়ায় করোনা সংক্রমণের উদ্বেগ বাড়ছে।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
মে ১৮, ২০২০ ১৫:৪৪ Asia/Dhaka

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়কপরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদ-উল ফিতর উপলক্ষে দলে দলে মানুষ শহর ছেড়ে গ্রামের দিকে ছুটে যাওয়ায় করোনা সংক্রমণের উদ্বেগ বাড়ছে।

আজ (সোমবার) এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। এসময় বিপনী বিতানে অতিরিক্ত ভীড় সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, সামান্যতম নিয়মের উপেক্ষা নিজের ও আশপাশের মানুষের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। সবাইকে যার যার অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি মেনে ঈদের ছুটি কাটানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সংকটের শুরু থেকে অসহায় ও গরিব মানুষের পাশে আছে। তিনি দলের নেতাকর্মীদের এ দুঃসময়ে কর্মহীন, বেকার ও ভাসমান মানুষের পাশে থাকার আহ্বান জানান। একই সাথে সরকারি উদ্যোগের পাশাপাশি বিত্তবান, সামর্থ্যবানদেরকেও অসহায় ও প্রবাসী পরিবারগুলোর পাশে দাঁড়ানো অনুরোধ জানান।

ফ্রন্টলাইনের করোনা যোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, 'আপনারা কোনও অবস্থাতেই মনোবল ও ধৈর্য হারাবেন না। এসময় আপনারা যে ঝুঁকিপূর্ণ কাজ করছেন সেজন্য দেশবাসী আপনাদের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা হতাশ হবেন না শেখ হাসিনার নেতৃত্বে আমরা সম্মিলিত প্রচেষ্টায় করোনাযুদ্ধে জয়ী হব।'

বিএনপির এই সময় দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালন না করে, জনগণের পাশে না দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোদগার করে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এর কারণ উল্লেখ করে কাদের বলেন, প্রকৃতপক্ষে বিএনপি নেতিবাচক রাজনীতির কারণেই তাদের নিজেদেরই পিঠ দেয়ালে ঠেকে গেছে।’

সকলের উদ্দেশ্যে কাদের বলেন, সংকটের পরীক্ষিত নেতৃত্ব শেখ হাসিনার প্রতি আপনারা আস্থা রাখুন। সকলের সম্মিলিত প্রয়াসে চলমান দুর্দিন ইনশাআল্লাহ কেটে যাবে। রাত যত গভীর হবে সম্ভাবনার শুভ সকাল ততই ঘনিয়ে আসবে।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।