সরকারের লোকেরা গরিব মানুষের ত্রাণ লুট করে নিজেদের পেট ভরাচ্ছে: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i80039-সরকারের_লোকেরা_গরিব_মানুষের_ত্রাণ_লুট_করে_নিজেদের_পেট_ভরাচ্ছে_রিজভী
বিএনপি অভিযোগ করেছে, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংকটকালেও ক্ষমতাসীন সরকারের লোকেরা গরিব মানুষের ত্রাণ লুট করে নিজেদের পেট ভরাচ্ছে। সরকার সবসময় আতঙ্কে ভুগছে, এই বুঝি তাদের ক্ষমতা গেল!
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ২০, ২০২০ ০৮:৪৬ Asia/Dhaka
  • দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন  রুহুল কবির রিজভী 
    দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন  রুহুল কবির রিজভী 

বিএনপি অভিযোগ করেছে, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংকটকালেও ক্ষমতাসীন সরকারের লোকেরা গরিব মানুষের ত্রাণ লুট করে নিজেদের পেট ভরাচ্ছে। সরকার সবসময় আতঙ্কে ভুগছে, এই বুঝি তাদের ক্ষমতা গেল!

আজ (বুধবার) সকালে রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন অভিযোগ করেন।

তিনি বলেন, ‘আজকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমাদের দলের নেতাকর্মীরা গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে; করোনা ভাইরাসের কারণে লকডাউনে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করছে কিন্তু সরকার তা সহ্য করতে পারে না। তারা প্রতিহিংসার আগুনে জ্বলছে। আমাদের দলের নেতাকর্মীদের গ্রেফতার করছে। সেদিন হবিগঞ্জে জেলা ছাত্রদলের নেতা সাব্বিরকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। তার বিরুদ্ধে অভিযোগ সে নাকি ফেসবুকে কি লিখেছে?’

তিনি বলেন, ‘সরকার সবসময় আতঙ্কে ভুগছে। এই বুঝি তাদের ক্ষমতা গেল! এই বুঝি তাদের গদি হারালো! আসলে রাতের অন্ধকারে প্রশাসন ও পুলিশের সহায়তায় ক্ষমতা জবরদখলকারী সরকার বলেই এ ধরনের আতঙ্কে ভুগছে। তাদের প্রতি জনগণের কোনো সমর্থন নেই।’রিজভী বলেন, ‘আজকে সরকার গরিব মানুষের জন্য ত্রাণ বিতরণ করছে। কিন্তু কাদেরেক দেয়া হচ্ছে? ওই মেম্বার বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে! তারাও তো বিনাভোটে নির্বাচিত! এজন্য দরিদ্রদের জন্য বরাদ্ধ সরকারের ত্রাণের এবং কমমূল্যের শত শত বস্তা চাল তেল এ সব  পাওয়া যাচ্ছে তাদের বাড়িতে খাটের তলায়, খড়ের গাদায়, গুদামে। কারণ মানুষের সেবা করা এই সরকারের লক্ষ্য নয়। তাদের লক্ষ্য হচ্ছে সুযোগ কাজে লাগিয়ে লুটপাট করে নিজেদের পেট ভরানো।’

এরআগে মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জে গরিব ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন রুহুল কবির রিজভী। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি,চৌহালী ও এনায়েতপুর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ২ হাজার মানুষকে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন এই আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২০