বাংলাদেশে করোনায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৪ জনের মৃত্যু, আক্রান্ত ৩০ হাজার ছাড়াল
https://parstoday.ir/bn/news/bangladesh-i80096-বাংলাদেশে_করোনায়_২৪_ঘণ্টায়_সর্বোচ্চ_২৪_জনের_মৃত্যু_আক্রান্ত_৩০_হাজার_ছাড়াল
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে মৃত্যু ও আক্রান্তের সংখ্যায় আজও রেকর্ড সৃষ্টি হয়েছে। গতকাল থেকে আজ সকাল ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৯৪ জন। এ সময়ে মারা গেছে ২৪ জন। আর সুস্থ হয়েছে ৫৮৮ জন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ২২, ২০২০ ১১:৩৮ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৪ জনের মৃত্যু, আক্রান্ত ৩০ হাজার ছাড়াল

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে মৃত্যু ও আক্রান্তের সংখ্যায় আজও রেকর্ড সৃষ্টি হয়েছে। গতকাল থেকে আজ সকাল ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৯৪ জন। এ সময়ে মারা গেছে ২৪ জন। আর সুস্থ হয়েছে ৫৮৮ জন।

আজ (শুক্রবার) দুপুর সরকারের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৯ হাজার ৯৯৩টি। এর মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৯ হাজার ৭২৭টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ৬৯৪ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৩০ হাজার ২০৫ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২৪ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৪৩২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৮৮ জন। মোট সুস্থ হয়েছে ৬ হাজার ১৯০ জন।’

মৃতের তালিকায় অতিরিক্ত সচিব, সাবেক সংসদ সদস্য

মৃতদের তালিকায় আজ যুক্ত হয়েছেন সরকারের একজন অতিরিক্ত সচিব মর্যাদার কর্মকর্তা কৃষিবিদ তৌফিকুল আলম (৫৯)। তিনি আজ (শুক্রবার) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তাছাড়া, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুল। তিনি প্রয়াত সংসদ সদস্য সদ মোস্তাফিজার রহমান পটলের স্ত্রী।

বৃহস্পতিবার (২১ মে) রাত সোয়া ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মৃত্যু হয় কামরুন্নাহার পুতুলের।

আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছেন কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ, ঢাকার ইবনে সিনা জেনারেল হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা. জেহাদ খান।

করোনা পরিস্থিতিতে ঢাকা ও কিশোরগঞ্জে চিকিৎসা তৎপরতায় নিয়োজিত থাকাকালীন তিনি আক্রান্ত হলেন। পরীক্ষায় করোনা রিপোর্ট পজিটিভ শনাক্ত হওয়ায়  তাকে ২০ মে রাতে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডা. জেহাদ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শ্যালক। 

রোগী ফিরিয়ে দিচ্ছে বিএসএমইউ 

এদিকে, করোনা সংকটকালে বেসরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে রোগীদের ফিরে যাওয়ার অভিযোগ উঠেছে এবার সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। এমনকি প্রয়োজন হলেও ভর্তি না নেয়ার অভিযোগ আছে। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, কিছু অভিযোগ তিনিও পেয়েছেন। শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

ঢাকা প্রবেশ-বাহিরে কড়াকড়ি শিথিল

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে গণপরিবহন বন্ধ থাকলেও ঈদের দুদিন আগে ঢাকায় আসা যাওয়ায় ব্যক্তিগত গাড়ির জন্য খুলে দেয়া হয়েছে।

এর আগে নিদিষ্ট কারণ ছাড়া ঢাকায় প্রবেশ ও বের হওয়া নিয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছিল। তবে আজ (শুক্রবার) সকাল থেকে এটি শিথিল করা হয়েছে।# 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।