করোনা মোকাবেলা করতে গিয়ে পথ হারিয়ে ফেলেছে বাংলাদেশ: রিজভী
-
রুহুল কবির রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি অভিযোগ করেছে, সরকার করোনা পরিস্থিতি সামাল দিতে পারছে না। করোনা মোকাবেলা করতে গিয়ে মনে হয় পথ হারিয়ে ফেলেছে বাংলাদেশ। প্রতিটি ক্ষেত্রে তাদের সিদ্ধান্তহীনতা স্পষ্ট হয়ে উঠেছে।
আজ (শনিবার) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সে এসব অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সরকার নিজেরাও পরিস্থিতি সামাল দিতে পারছে না, অপরদিকে কেউ সহযোগিতা করতে চাইলে তারা নিজেদের হীন দলীয় স্বার্থে সেটি গ্রহণ করার মতো মানসিকতাও তাদের নেই। সবকিছুটাই ‘আমিত্ব’ জাহির করতে গিয়ে জনগণকে অসহায় করে ফেলা হয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, করোনাভাইরাসের মেডিসিন আবিষ্কার না হওয়ায় প্রতিটি দেশ প্রতিরোধমূলক ব্যবস্থাকেই অগ্রাধিকার দিচ্ছে। প্রতিদিন বেশিসংখ্যক মানুষকে টেস্টের আওতায় এনে করোনা উপসর্গ থাকলে আগেভাগেই আইসোলেশনে নেয়া কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণকেই অন্যতম সাফল্য বলে মনে করা হচ্ছে। অথচ বাংলাদেশে ঠিক উল্টো চিত্র। দেশের মানুষ নিজ উদ্যোগে করোনাভাইরাস পরীক্ষা এবং করোনা চিকিৎসা করাতে গিয়েও নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন। অনেকেই বলছেন, বেশিসংখ্যক মানুষকে টেস্ট করলে বেশি রোগী শনাক্ত হওয়ার কারণেই হয়তো অধিকসংখ্যক মানুষকে টেস্টের আওতায় আনা হচ্ছে না।
রিজভী আরো জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল লন্ডন থেকে জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় বলেছেন, “এটা এখন সরকারকেই স্পষ্ট করতে হবে, তারা কি সক্ষমতা না থাকায় অধিকহারে করোনা টেস্ট করছে না নাকি এর পেছনে সরকারের অন্য কোনো উদ্দেশ্য আছে। নানা অজুহাতে করোনা টেস্ট না করে কিংবা টেস্ট করতে গড়িমসি করে সরকার হয়তো করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা কম দেখিয়ে মেকি সাফল্য লাভ করতে চায়। কিন্তু এর পরিণতি হতে পারে হিতে বিপরীত।
তারেক রহমান তার ভিডিও বার্তায় মহামারী করোনাকালে দেশের অবস্থা, করোনা মোকাবেলায় সরকারের করণীয়, মানুষের অসহায়ত্ব, ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডব এবং সারাদেশে অসহায় মানুষের জন্য বিএনপি’র অব্যাহত মানবিক সহায়তা কর্মসূচিসহ সার্বিক বিষয় তুলে ধরেছেন বলে জানান রুহুল কবির রিজভী।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।