চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদল বাংলাদেশে, অবস্থান করবে ২ সপ্তাহ
https://parstoday.ir/bn/news/bangladesh-i80535-চীনের_বিশেষজ্ঞ_চিকিৎসকদল_বাংলাদেশে_অবস্থান_করবে_২_সপ্তাহ
নভেল করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে বিশেষজ্ঞ সহায়তা দিতে চীনের ১০ সদস্যের বিশেষ চিকিৎসকদল আজ (সোমবার) ঢাকায় এসে পৌঁছেছে। বেলা ১১টা ২০ মিনিটে চীনের হাইনান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে (এইচইউ-৪৫১) চীনা চিকিৎসকদল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
জুন ০৮, ২০২০ ১৩:১৪ Asia/Dhaka
  • শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের বিশেষজ্ঞ মেডিকেল টিম
    শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের বিশেষজ্ঞ মেডিকেল টিম

নভেল করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে বিশেষজ্ঞ সহায়তা দিতে চীনের ১০ সদস্যের বিশেষ চিকিৎসকদল আজ (সোমবার) ঢাকায় এসে পৌঁছেছে। বেলা ১১টা ২০ মিনিটে চীনের হাইনান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে (এইচইউ-৪৫১) চীনা চিকিৎসকদল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তাদের স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স এবং প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত এ চীনা মেডিক্যাল টিম সঙ্গে করে বেশ কিছু আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিয়ে এসেছে।

স্বাস্থ্য মন্ত্রনালয় সূত্র জানিয়েছে, চীনের এই স্বাস্থ্য বিশেষজ্ঞ দলটির তত্ত্বাবধানে রয়েছে দেশটির হাইনান রাজ্যের জাতীয় স্বাস্থ্য কমিশন।

চীনের এই দলটিতে সরাসরি করোনা রোগীর চিকিৎসা করেছেন এবং সফল হয়েছেন এমন চিকিৎসক, টেকনেশিয়ানসহ ১০ জন স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন।

চীনের এই দলটি ঢাকায় দুই সপ্তাহ অবস্থান করে করোনা চিকিৎসা ও রোগ মোকাবেলায় প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবেন।

চীন চিকিৎসা দলের সদস্যরা ঢাকায় অবস্থান কালে হাসপাতাল, কোয়ারেন্টাইন কেন্দ্র, পরীক্ষাগারসহ সংশ্লিষ্ট স্থান পরির্দর্শন করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবেন। তাছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাথেও কথা বলবেন।

এর আগে, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং গত ২০ মে বিকেলে ফোনালাপ করেন।

দুই শীর্ষ নেতার ওই ফোনালাপে চীনের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানান যে, করোনা দুর্যোগ মোকাবিলায় পরীক্ষিত বন্ধু হিসেবে চীন বাংলাদেশের পাশে থেকে সহায়তা করবে।

কোভিড-১৯ মোকাবিলায় চীন বাংলাদেশকে ধারাবাহিকভাবে সহায়তা করে যাচ্ছে। এরই মধ্যে দ্রুত করোনা শনাক্তকরণ কিটসহ চিকিৎসা সরঞ্জাম দেওয়া হয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।