করোনাভাইরাস: বাংলাদেশে আজও মৃত্যু ৩৭ জন, বিচারপতিদের করোনা চিকিৎসায় কমিটি গঠন
https://parstoday.ir/bn/news/bangladesh-i80597-করোনাভাইরাস_বাংলাদেশে_আজও_মৃত্যু_৩৭_জন_বিচারপতিদের_করোনা_চিকিৎসায়_কমিটি_গঠন
বাংলাদেশে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ১৮৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১১, ২০২০ ১২:৪১ Asia/Dhaka
  • করোনাভাইরাস: বাংলাদেশে আজও মৃত্যু ৩৭ জন, বিচারপতিদের করোনা চিকিৎসায় কমিটি গঠন

বাংলাদেশে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ১৮৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ জন।

সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭৮ হাজার ৫২ জনের। মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৪৯ জনের। দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

দেশে ৫৬টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হচ্ছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।আজকের ব্রিফিংয়ে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৫৭ হাজার ৩৩২টি নমুনা পরীক্ষা হয়েছে।করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে আবারো অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

সুপ্রিম কোর্টে বিচারপতিদের করোনা চিকিৎসা তদারকিতে বিশেষ কমিটি গঠন      

সুপ্রিম কোর্টের বিচারপতিদের করোনা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পাঁচ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তারা সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) এ দায়িত্ব পালন করবেন। পাঁচ কর্মকর্তা হলেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর, আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম ভূইঞা, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী, অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন) মোহাম্মাদ ওসমান হায়দার এবং স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান। আজ (বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর এ সংক্রান্ত সার্কুলার জারি করেছেন।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী (পাঁচজন) কর্মকর্তারা বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিদের কোভিড-১৯ জনিত চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ওই পাঁচ কর্মকর্তার মোবাইল ফোনে সার্বক্ষণিক (২৪ ঘণ্টা) সচল রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে।#

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।