করোনাভাইরাস: বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা (আগমনী ভিসা) স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো নির্দেশনায় এ নির্দেশনার কথা জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা স্থগিত থাকবে। তবে শুধু বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের বিদ্যমান ভিসা নীতিমালার আলোকে বাংলাদেশে আগমী ভিসা দেওয়া যাবে। সেক্ষেত্রে বাংলাদেশে প্রবেশের সময় ভিসাপ্রার্থীকে ৭২ ঘণ্টার মধ্যে ইস্যু করা পিসিআর কোভিড-১৯ মুক্ত সনদ (ইংরেজিতে অনুবাদ করা) এবং তিনি এদেশের একজন প্রকৃত বিনিয়োগকারী/ব্যবসায়ী মর্মে প্রয়োজনীয় প্রত্যয়ন ও এ সংক্রান্ত আনুষঙ্গিক কাগজপত্র ইমিগ্রেশন কাউন্টারে জমা দিতে হবে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রথমে গত ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত ঘোষণা করে সরকার। এরপর বন্ধ হয়ে যায় বিমান যোগাযোগও। পরে সাধারণ ছুটির সঙ্গে তাল মিলিয়ে দফায় দফায় বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়। একই সঙ্গ বাড়ে অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদও।
পরে ৬৬ দিনের ছুটি শেষে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি পালন ও নানা নির্দেশনা মানা সাপেক্ষে সীমিত পরিসরে অফিস খুলে দেয় সরকার। একই সঙ্গে সীমিত পরিসরে গণপরিবহনও চালু করা হয়।
স্বাস্থ্যবিধি মেনে ১ জুন থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়, একইভাবে ১৬ জুন থেকে শুরু হয় আন্তর্জাতিক রুটে বিমান চলাচল।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।