করোনাকালে আরপিও সংশোধন স্থগিত রাখুন: নির্বাচন কমিশনকে ওয়ার্কার্স পার্টি
-
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক
বাংলাদেশে করোনা মহামারির মধ্যে জনপ্রতিনিধিত্ব আইন (আরপিও) সংশোধনের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয় এ মুহূর্তে স্থগিত রাখার দাবি জানিয়েছে বাম রাজনৈতিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
আজ রোববার (৫ জুলাই) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, করোনা মহামারি অবস্থার মাঝে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় জাতির সামনে নিয়ে আসা নির্বাচন কমিশনের দায়িত্বজ্ঞানহীনতার উদাহরণ।
সাইফুল হক প্রস্তাব করেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে (আরপিও) সংশোধনের ব্যবস্থা করা হোক। এসময় তিনি রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন ২০২০ এর অনেক প্রস্তাবনাকে অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী বলেও অভিহিত করেন। এর আগে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন আইন সংক্রান্ত কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়েছে বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত বুধবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে দেখা করে এ দাবি জানায়।
এ সময় বিএনপি প্রতিনিধিদল বলেছে, করোনা মহামারির এই সময়ে দেশের মানুষ যখন জীবন-জীবিকা রক্ষায় ব্যস্ত, তখন কমিশনের এ উদ্যোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কারণ, খসড়া আইনে বলা হয়েছে পরপর দুই বছর নির্বাচনে অংশগ্রহণ না করলে নিবন্ধন বাতিল হবে। বিএনপি একবার নির্বাচনে অংশ নেয়নি। তাই বিএনপিকে রাজনীতির মাঠ থেকে দূরে রাখার একটা কৌশল হিসেবে এ সময়ে এমন একটা উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।#
পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/ ৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।