রিজেন্ট হাসপাতালের প্রধান কার্যালয়সহ দুটি ইউনিট সিলগালা করল র্যাব
করোনার নমুনা সংগ্রহ করে ভুয়া রিপোর্ট প্রদান করে টাকা আদায়ের অপরাধে রাজধানীর বেসরকারি রিজেন্ট হাসপাতালের প্রধান কার্যালয়সহ তাদের উত্তরা ও মিরপুরের দুটি ইউনিট সিলগালা করা হয়েছে।
আজ (মঙ্গলবার) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অনুসন্ধানে দেখা গেছে, করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসা এবং বাড়িতে থাকা রোগীদের করোনার নমুনা সংগ্রহ করে ভুয়া রিপোর্ট প্রদান করত রিজেন্ট হাসপাতাল। এভাবে জনগণের সাথে প্রতারণা করে প্রায় ৩ কোটি টাকা আত্মসাৎ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম গণমাধ্যমকে বলেছেন, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ নিজে অফিসে বসে এই সমস্ত অপরাধ পরিচালনা করতে এবং টাকা-পয়সা নিয়ন্ত্রণ করতে। রিজেন্টের প্রধান কার্যালয় থেকেই এই অপকর্মগুলো হতো বিধায় এটি সিলগালা করা হয়েছে। পাশাপাশি রোগীদের স্থানান্তর করে উত্তরা ও মিরপুরের হাসপাতাল দুটিও সিলগালা করা হয়েছে।
এর আগে সোমবার রাতেই মোহাম্মদ সাহেদের মালিকানাধীন হাসপাতাল থেকে অননুমোদিত র্যাপিড টেস্টিং কিট ও একটি গাড়ি জব্দ করা হয়।
এ প্রসঙ্গে সারোয়ার আলম বলেন, ওই গাড়িতে ফ্ল্যাগস্ট্যান্ড ও স্বাস্থ্য অধিদফরের স্টিকার লাগানো ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনের চোখে ধুলো দিতেই ফ্ল্যাগস্ট্যান্ড ও স্বাস্থ্য অধিদফরের স্টিকার ব্যবহার করা হতো।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।