বাংলাদেশে করোনায় আরও ৫০ জনের মৃত্যু: ভুয়া সনদের কারণে টেস্ট কমছে- বিএনপি
বাংলাদেশে একদিনের ব্যবধানে করোনাভাইরাস সংক্রমিত হয়ে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৬৬৮ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৯২৮ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৯১৪ জন।
আজ (সোমবার) দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৩২৯টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৩৬২টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৪১ হাজার ৬৬১টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৯২৮ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন। শনাক্তের হার ১৯ দশমিক ৯২ শতাংশ।’
অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৯১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫৫৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৭৪ শতাংশ।
এদিকে, ‘ভুয়া সনদের’ কারণেই করোনা পরীক্ষার সংখ্যা কমে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে রিজভী বলেন, প্রকাশিত খবর অনুযায়ী গত দুই দিন ধরে করোনা পরীক্ষায় মানুষের সংখ্যা কমে গেছে। কারণ মানুষ পরীক্ষা করাতে যাচ্ছে না। যে অসুস্থ না তাকে যদি পজেটিভ সার্টিফিকেট দেয়া হয়, তাহলে তো তার সবই শেষ। আর যে অসুস্থ, যে আক্রান্ত হয়েছে তাকে দেয় নেগেটিভ সার্টিফিকেট। এই আতঙ্কে নিয়ে কেন মানুষ হাসপাতালে যাবে? কেন পরীক্ষা করাবে? এই কারণে করোনা পরীক্ষার সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।