বাংলাদেশে করোনাভাইরাসে আরও ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৭৪৪
বাংলাদেশে আজ সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৫১ জনে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৭৪৪ জন। গতকাল শনাক্ত হয়েছিলেন ৩ হাজার ৫৭ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখা দাঁড়াল ২ লাখ ১৩ লাখ ২৫৪ জন।
আজ (বুধবার) দুপুরে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এ সময় তিনি স্বাস্থ্য সতর্কতা বিষয়ে পরামর্শ দিয়ে বলেন, "সঠিকভাবে মাস্ক পরুন এবং বাড়ির সকল সদস্যকে এ বিষয়ে উদ্বুদ্ধ করুন। সাবান পানি দিয়ে বার বার ২০ সেকেন্ড ধরে হাত ধোন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। জনসমাবেশ এড়িয়ে চলুন। সবাই সচেতন হলে, সতর্ক হলে অবশ্যই করোনাকে প্রতিরোধ করা যাবে এবং এই প্রতিরোধে আপনারা সবাই সামিল হবেন।"
উল্লেখ্য, দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।