রাজনৈতিক উদ্দেশ্যে ১৫ ও ২১ আগস্টের ঘটনায় জিয়া পরিবারকে জড়ানো হচ্ছে: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i82544-রাজনৈতিক_উদ্দেশ্যে_১৫_ও_২১_আগস্টের_ঘটনায়_জিয়া_পরিবারকে_জড়ানো_হচ্ছে_ফখরুল
রাজনৈতিক উদ্দেশ্যে ১৫ ও ২১ আগস্টের ঘটনায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম জড়ানো হচ্ছে বলে আজ অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৫, ২০২০ ১৭:০৩ Asia/Dhaka
  • বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজনৈতিক উদ্দেশ্যে ১৫ ও ২১ আগস্টের ঘটনায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম জড়ানো হচ্ছে বলে আজ অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৫ আগস্টের হত্যার বিচার হয়েছে, রায় হয়েছে, ফাঁসিও কার্যকর করেছে। সেখানে আবার নতুন করে জিয়াউর রহমানের নাম জড়ানো হচ্ছে কেবলমাত্য রাজনৈতিক উদ্দেশ্যে

তিনি বলেন, ২১ আগস্টের ঘটনার সঙ্গে খালেদা জিয়াকে জড়ানোও একই কারণে। ফখরুল  বলেন, ২১ আগস্টের ঘটনায় চারবার তদন্ত হয়েছে। বিচার হয়েছে, রায়ও হয়েছে। কোথাও খালেদা জিয়ার নাম আসেনি। তারপরও তাঁকে টেনে আনার কারণ হচ্ছে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার অপচেষ্টা।

২১ আগস্টের ঘটনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাকে তখনো ব্যবহার করতে চেয়েছে এবং এখনো করছে। প্রকৃতপক্ষে এই মামলা থেকে কেউ লাভবান হলে তা আওয়ামী লীগই হয়েছে।

এ সময় রোহিঙ্গা প্রসঙ্গ টেনে  মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সরকার কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি। কারণ, মিয়ানমারকে সমর্থন দেয় ভারত ও চীন । তাদের সঙ্গে কোনো রকমের রফা করার ক্ষমতা এ সরকারের নেই। যার কারণে এই রোহিঙ্গাদের বোঝা এ দেশের মানুষকে বহন করতে হচ্ছে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/ ২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।