ভারতের সঙ্গে সম্পর্ক অটুট রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i83322-ভারতের_সঙ্গে_সম্পর্ক_অটুট_রয়েছে_এবং_ভবিষ্যতেও_থাকবে_স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রতিবেশী ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ‘ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক পুরোনো। এ সম্পর্ক অটুট রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। মুক্তিযুদ্ধের সময় ভারতের সহযোগিতার কথা ভুলে যাওয়ার নয়।’
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০২০ ১৩:৩৪ Asia/Dhaka
  • স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল( ফাইল ফটো)
    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল( ফাইল ফটো)

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রতিবেশী ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ‘ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক পুরোনো। এ সম্পর্ক অটুট রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। মুক্তিযুদ্ধের সময় ভারতের সহযোগিতার কথা ভুলে যাওয়ার নয়।’

আজ  বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ভারতের বিদায়ী রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলি দাসকে নিয়ে দোহারস্থ  মালিকান্দা গান্ধী আশ্রম পরিদর্শন ও  তার সাথে বিদায়ী সাক্ষাতকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘ভারতীয় হাইকমিশনার যখন আমার সাথে বিদায়ী সাক্ষাত করতে চাইলেন, তখন আমি তাকে দোহারে গান্ধীজীর আশ্রম পরিদর্শনের আমন্ত্রণ করি এতে তিনি রাজি হন এবং এখানে আসেন।’

এসময় ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিদায়ী রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলি দাস বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অটুট রয়েছে এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরও সুদূঢ় হবে’। তিনি বলেন, ‘আমি চলে যাচ্ছি ঠিকই তবে আমি বাংলাদেশকে অনেক মিস করব।’

উল্লেখ্য পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী স্বাধীনতা সংগ্রামী ড. প্রফুল্ল চন্দ্র ঘোষের জন্মস্থান দোহারের মালিকান্দায় স্থাপন করা হয়েছে গান্ধী আশ্রম। ১৯৩৭ সালে দোহারে গান্ধী সেবা সংঘের বার্ষিক সম্মেলনে যোগ দিতে এসে প্রফুল্ল ঘোষের বাড়িতে সাত দিন অবস্থান করেছিলেন মহাত্মা গান্ধী। এসময় তার জন্য নির্মিত একটি ছনের ঘর পরবর্তীতে তার স্মৃতিবহনকারী গান্ধী আশ্রম হিসেবে পরিচিতি লাভ করে। মহাত্মা গান্ধী ১৯৪৩ সালে দ্বিতীয়বার এসে এই স্থানটিতে দুই সপ্তাহ অবস্থান করেছিলেন।#

 

পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/ ২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।