বাংলাদেশে রাজধানীতে আটকে পড়া সৌদি প্রবাসীদের আজও বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/bangladesh-i83432-বাংলাদেশে_রাজধানীতে_আটকে_পড়া_সৌদি_প্রবাসীদের_আজও_বিক্ষোভ
আটকে পড়া সৌদি প্রবাসীরা অগ্রাধিকার ভিত্তিতে টিকিটের দাবিতে আজও রাজধানীর কারওরান বাজার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অবস্থিত সৌদিয়া এয়ারলাইন্সের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। এর ফলে এ এলাকায় যানচলাচল আজকেও বিঘ্নিত হচ্ছে। সৌদি প্রবাসীদের বিক্ষোভের কারণে গত একসপ্তাহ ধরেই রাজধানীর এ গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কমোড়ে যানচলাচল ব্যহত থাকছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০২০ ১৫:২০ Asia/Dhaka
  • বাংলাদেশে রাজধানীতে আটকে পড়া সৌদি প্রবাসীদের আজও বিক্ষোভ

আটকে পড়া সৌদি প্রবাসীরা অগ্রাধিকার ভিত্তিতে টিকিটের দাবিতে আজও রাজধানীর কারওরান বাজার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অবস্থিত সৌদিয়া এয়ারলাইন্সের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। এর ফলে এ এলাকায় যানচলাচল আজকেও বিঘ্নিত হচ্ছে। সৌদি প্রবাসীদের বিক্ষোভের কারণে গত একসপ্তাহ ধরেই রাজধানীর এ গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কমোড়ে যানচলাচল ব্যহত থাকছে।

এদিকে, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স–এর শিডিউল অনুযায়ী, আজ যাদের টোকেন নম্বর ১৯০০ থেকে ২৩০০, শুধুমাত্র তাদেরই টিকেট দেয়ার কথা জানানো হলেও ৩ হাজারের পরের সিরিয়ালের টোকেন নম্বরধারীরাও টিকিটের জন্য সকাল থেকে ভিড় করেছেন।

ইতিমধ্যে প্রবাসীদের সৌদি আরবে পাঠাতে সাউদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে। বিমান বাংলাদেশ  প্রবাসীদের ফেরাতে সৌদির তিনটি শহরে মোট ১২টি বিশেষ ফ্লাইট ঘোষণা করেছে।

বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক গতরাতে জানিয়েছেন, সৌদি এয়ারলাইনসকে অতিরিক্ত আরও দুটি ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশ বিমান সৌদির বিভিন্ন রুটে আরও ১২টি ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে।

তবে ভিসা নবায়নে সৌদি আরবের কঠিন শর্তে অনেকের সৌদি যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। যাদের ভিসার মেয়াদ ৩০ সেপ্টেম্বরে শেষ হচ্ছে, তাদের ভিসা নবায়নের সুযোগ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। কিন্তু নবায়নের জন্য এমন কিছু শর্ত রাখা হয়েছে, যেটি পূরণ করে একজন বাংলাদেশির সৌদি ফেরা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

ঢাকার সৌদি দূতাবাস থেকে ভিসা নবায়নে যেসব শর্ত পূরণের কথা বলা হয়েছে, তার মধ্যে নিয়োগকর্তা বা কফিলের আবেদনসংবলিত চিঠির কথা বলা হয়েছে, যা সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত হতে হবে। আকামার মেয়াদ লেখা থাকতে হবে সৌদি পাসপোর্ট অধিদপ্তরের (জাওয়াজাত) আবেদনের প্রিন্ট কপিতে। পাসপোর্ট ও রি-এন্ট্রি ভিসার মূলকপি রাখতে হবে সঙ্গে। থাকতে হবে মেয়াদসহ আকামার মূলকপি। এ ছাড়া সৌদি আরব থেকে বের হওয়ার মূল কপি থাকার বাধ্যবাধকতাও রাখা হয়েছে ভিসা নবায়ন শর্তে।

এর মধ্যেই দেশে এসে আটকেপড়া বাংলাদেশি, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ভিসা নবায়নে প্রক্রিয়া শুরু করেছে ঢাকার সৌদি দূতাবাস। তবে সরাসরি দূতাবাসে কোনো ভিসার আবেদন গ্রহণ না করে  ৩১ এজেন্সিকে অনুমোদন দিয়েছে যাদের মাধ্যমে ভিসা নবায়নের আবেদন গ্রহণ করতে হবে। তবে ভিসা নবায়ন করতে দূতাবাসকে কোনো অর্থ দিতে হবে না। শুধু প্রসেসিং ফি নিতে পারবে সৌদি দূতাবাসের অনুমোদিত এজেন্সিগুলো।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন করোনা মহামারির কারণে আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের ফেরত যাওয়ার সুবিধার্থে ফ্লাইট সংখ্যা বাড়াতে সৌদি আরবকে অনুরোধ করেছেন।একই সঙ্গে দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচলের অনুমতি দিতেও অনুরোধ জানান তিনি। গতকাল রবিবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে আলাপকালে ড. মোমেন এ অনুরোধ জানান। এ সময় ড. মোমেন আকামার মেয়াদ বৃদ্ধি ও ভিসা প্রদানে সৌদি আরবের সিদ্ধান্তকে স্বাগত জানান।

বিমানের শিডিউল ঘোষণা

বিমান  বাংলাদেশ এয়ারলাইন্সকে সপ্তাহে ১২টি বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে সৌদি সরকার। ফলে রিয়াদ ও জেদ্দা রুটের সঙ্গে নতুন রুট হিসেবে দাম্মামেও ফ্লাইটের শিডিউল ঘোষণা করেছে বিমান।

শিডিউল অনুযায়ী, জেদ্দাগামী ২২ মার্চ থেকে ২৪ মার্চের রিটার্ন টিকিটধারীদের ফ্লাইট ৩০ সেপ্টেম্বর, ২৫ মার্চ থেকে ২৮ মার্চের রিটার্ন টিকিটধারীদের ফ্লাইট নির্ধারণ করা হয়েছে ১ অক্টোবর। অনুরূপভাবে ২৯ মার্চ থেকে ৩১ মার্চের রিটার্ন টিকিটধারীদের ফ্লাইট নির্ধারিত করা হয়েছে ৪ অক্টোবর, ১ এপ্রিল থেকে ৪ এপ্রিলের রিটার্ন টিকিটধারীদের জন্য ফ্লাইট ৫ অক্টোবর এবং ৫ এপ্রিল থেকে ৮ এপ্রিলের রিটার্ন টিকিটধারীদের ফ্লাইট ৬ অক্টোবর নির্দিষ্ট করা হয়েছে।

এ ছাড়া, রিয়াদগামীদের জন্য ১৬ মার্চ থেকে ১৯ মার্চের রিটার্ন টিকিটধারীদের ফ্লাইট ১ অক্টোবর, ২১ মার্চ থেকে ২৪ মার্চ ফিরতি টিকিটধারীদের ফ্লাইট ৩ অক্টোবর, ২৬ মার্চ থেকে ৩০ মার্চের ফিরতি টিকিটধারীদের ফ্লাইট ৫ অক্টোবর। নতুন রুট দাম্মামগামী ১৬ মার্চ থেকে ১৯ মার্চের রিটার্ন টিকিটধারীদের ফ্লাইট ১ অক্টোবর, ২১ মার্চ থেকে ২৪ মার্চের রিটার্ন টিকিটধারীদের ফ্লাইট ৩ অক্টোবর, ২৬ মার্চ থেকে ৩০ মার্চের রিটার্ন টিকিটধারীরা ৫ অক্টোবর ফ্লাইট নির্ধারণ করা হয়েছে।#

 

পার্সটুডে/ আব্দুর রহমান খান/ এমবিএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।