বাংলাদেশে ধর্ষণবিরোধী আন্দোলন অব্যাহত: বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i83778-বাংলাদেশে_ধর্ষণবিরোধী_আন্দোলন_অব্যাহত_বিভিন্ন_মহলের_মিশ্র_প্রতিক্রিয়া
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার নারী নির্যাতনসহ যেকোনো অপরাধের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। সরকার কোনো অপরাধীকে ছাড় দেবে না, সে যে দলেরই হোক। তবে ওবায়দুল কাদেরের অভিযোগ, এবার ধর্ষণবিরোধী আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ১১, ২০২০ ১৭:৫৮ Asia/Dhaka

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার নারী নির্যাতনসহ যেকোনো অপরাধের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। সরকার কোনো অপরাধীকে ছাড় দেবে না, সে যে দলেরই হোক। তবে ওবায়দুল কাদেরের অভিযোগ, এবার ধর্ষণবিরোধী আন্দোলনের ওপর ভর করেছে বিএনপি।

আজ (রোববার) সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিআরটিসির এক অনুষ্ঠানে যুক্ত হয়ে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন।

‘বিএনপির আন্দোলনের ওপর জনগণের কোনো আস্থা নেই’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মানুষের সাড়া না পেয়ে বিএনপি বারবার ব্যর্থ চেষ্টা করছে। তারা একবার কোটা সংস্কার আন্দোলন, আবার শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে এখন ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী আন্দোলনের ওপর ভর করেছে।

ওবায়দুল কাদের

গত কয়েকদিনে রাজধানীতে বিভিন্ন মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেছেন, বর্তমান সরকারের দুঃশাসন ও বিচারহীনতার কারণেই দেশে নারী ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ‘মহামারী’ লেগেছে।

গতকাল রাজধানীর শাহবাগে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সুশাসনের জন্য নাগরিক- সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, সরকারের নীতি নির্ধারক মহল থেকে যখন প্রশ্ন তোলা হয়- কোন্‌ দেশে ধর্ষণ নেই? তখন ধর্ষণকারীদেরই প্রশ্রয় দেওয়া হয়। 

জাফরুল্লাহ চৌধুরী

জাতীয় প্রেস ক্লাবের সামনে এরকম আর একটি মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে দেশের বিশিষ্ট নাগরিক ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ধর্ষকদের ফাঁসি নয়, তাদের দীর্ঘমেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া উচিত।

তবে দেশের বিশিষ্ট মানবাধিকার সংগঠক নুর খান বলেছেন, প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ, পুলিশের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত কার্য সম্পন্ন এবং বিচারের নামে কালক্ষেপন না হলেই এরকম অপরাধের উপযুক্ত বিচার সম্ভব।

এদিকে, দেশব্যাপী ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে আজকেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ও শিক্ষাঙ্গণে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক-ছাত্র-আইনজীবী, সংস্কৃতিক কর্মী ও নারী সংগঠনসহ নাগরিক সমাজের নানা পেশার মানুষ। এসব সমাবেশ থেকে সরকার, প্রশাসন, পুলিশ ও বিচার ব্যবস্থা সম্পর্কে বক্তারা তাদের তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

ওদিকে, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা প্রসঙ্গে শনিবার (১০ অক্টোবর) এক বিবৃতি দিয়েছে পুলিশ সদর দপ্তর। এ বিবৃতিতে ‘অত্যন্ত উদ্বেগে’র সাথে লক্ষ্য করা হয়েছে, “সরকার ও রাষ্ট্রের সর্বোচ্চ সদিচ্ছা সত্ত্বেও একটি স্বার্থান্বেষী মহল বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে তৎপর রয়েছে। জনগণের প্রত্যাশাকে কৌশলে ভিন্নখাতে প্রবাহিত করে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে গোষ্ঠী ও দলগত হীন স্বার্থ চরিতার্থ করতে পায়তারা করছে তারা।”

এ পরিস্থিতিতে, দেশের শান্তি ও শৃঙ্খলার স্বার্থে এবং উন্নয়নের চলমান ধারাকে অব্যাহত রাখতে রাষ্ট্র বিরোধী যে কোনো কর্মকাণ্ড সতর্কভাবে পরিহারের জন্য সংশ্লিষ্ট সকল‌কে সবিশেষ অনুরোধ জানিয়েছে বাংলাদেশের পুলিশ কর্তৃপক্ষ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।