বাংলাদেশ-আমেরিকার সম্পর্ক দিন দিন সুদৃঢ় হচ্ছে-মোমেন: বাম সংগঠনের উদ্বেগ
ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বেগান আজ বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ ব্রিফিংকালে বলেছেন, আমেরিকা তার ইন্দো-প্যাসিফিক রণনীতির কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশকে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ তাদের অন্যতম প্রধান অংশীদার।
এসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন জানিয়েছেন,আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি,স্থিতিশীলতা এবং ভূ-রাজনৈতিক অবস্থানের কারণে বাংলাদেশ আরও বেশি মনোযোগ পাচ্ছে।
তবে তিনি জানান,আমেরিকা ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেনি।
‘আমেরিকা বাংলাদেশকে ভারতের চোখে দেখে’ এমন ধারণা উড়িয়ে দিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেছেন,‘আমেরিকা বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে দেখে। বাংলাদেশ এবং আমেরিকার সম্পর্ক দিন দিন সুদৃঢ় হচ্ছে। এই উন্নতি অব্যাহত থাকবে,তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই।’
বাম সংগঠনের উদ্বেগ
আমেরিকার ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) তে বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাবে উদ্বেগ জানিয়েছে দেশের দশটি বাম সংগঠন।
এ প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক রেডিও তেহরানকে বলেন,এরকম উদ্যোগ সরকারের ঘোষিত নিরপেক্ষ পররাষ্ট্রনীতির পরিপন্থি।
এটা দেশের স্বাধীনতা সার্বভৗমত্বকে হুমকিতে ফেলবে এমন আশঙ্কা ব্যক্ত করে সাইফুল হক বলেন,বাংলাদেশে একটি অনির্বাচিত জনসমর্থনবিহীন সরকার ক্ষমতায় থাকার কারণে মার্কিনিরা এমন প্রস্তাব দিতে সাহস পাচ্ছে।
ওদিকে,৯টি বাম সংগঠনের নেতারা গতকাল বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত এক বৈঠক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বেগানের বাংলাদেশ সফর এবং বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক স্ট্যাটেজিতে যুক্ত করার উদ্যোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ দৃঢ়তার সাথে জানান বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে সাম্রাজ্যবাদী যুদ্ধ পরিকল্পনার অংশীদার হবে না।
এছাড়া জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম আজ এক বিবৃতিতে বলেছেন,দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র তার সাম্রাজ্যবাদী নীতি বিস্তারে ভারতকে সাথে নিয়ে এই অঞ্চলের জনগণের শান্তি ও নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলেছে। পুঁজিবাদী বিশ্বব্যবস্থায় চীনের উত্থানকে ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া-জাপান-ভারত মিলে কোয়াড গঠন করে যে ইন্দো-প্যাসিফিক স্ট্রাটেজি নিয়েছে তা এশিয়ার জনগণের শান্তি ও নিরাপত্তাকেই বিঘ্নিত করবে।#
পার্সটুডে/আবদুর রহমান খান/গাজী আবদুর রশীদ/১৫
- বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।