করোনায় ঘরে বসেই পড়াশোনা চালিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি শেখ হাসিনার আহ্বান
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
করোনাভাইরাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সময় শিক্ষার্থীদের ঘরে থেকেই পড়াশোনা চালিয়ে যাবার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় করোনা থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্য সুরক্ষায় আরও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
আজ (রোববার) সকালে প্রধানমন্ত্রীর ছোটভাই শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমি জানি করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, এটা যেকোনো শিশুর জন্য কষ্টকর। হয়তো এসব অবস্থা থাকবে না। আমি তাদের বলব, ঘরে বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে। ঘরে বসে পড়াশোনা করা, যে যা করতে পারে সেটাও তাদের করতে হবে। যেন যখন স্কুল খুলে তখন তারা আবার সবকিছুই করতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমাদের শিশুরা দেশপ্রেমিক হবে, মানুষের জন্য কাজ করবে, মানুষের মতো মানুষ হবে। নিজেদের উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলবে।’
অভিভাবকদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, শিশুরা যাতে খেলাধুলা ও অন্যান্য শরীরচর্চা করতে পারে সে ব্যবস্থা করতে হবে। এরইসাথে তারা সবাই যেন সুরক্ষা মেনে চলে, সেদিকেও খেয়াল রাখতে হবে।
প্রধানমস্ত্রী ভার্চুয়াল এ অনুষ্ঠানে মুখে মাস্ক না পরার কৈফিয়ত দিয়ে বলেন, ‘আমি হয়তো মাস্ক পরে বলছি না, কারণ আমার এখানে কেউ নেই। যারা আছে তারা অনেক দূরে। আবার বেশি লোক থাকলে আমিও সেখানে মাস্ক পরি। সবাইকে বলব, যেখানে মানুষ বেশি সেখানে মাস্ক পরে থাকতে হবে। শরীরের প্রতি যত্ন নিতে হবে।’#
পার্সটুডে/আব্দুর রহমান খান/আশরাফুর রহমান/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।