নির্বাচন কমিশন একটা ঠুঁটো জগন্নাথ, এদের লজ্জা-শরম বলতে কিছু নেই: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i83986-নির্বাচন_কমিশন_একটা_ঠুঁটো_জগন্নাথ_এদের_লজ্জা_শরম_বলতে_কিছু_নেই_ফখরুল
বাংলাদেশ নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমাদের দেশে যে নির্বাচন কমিশন আছে এটা একটা ঠুঁটো জগন্নাথ। এদের লজ্জা-শরম বলতে কিচ্ছু নাই। তারা বলছে- ঢাকা-৫ এ ১০ শতাংশ ভোট পড়েছে। আমরা মনে করি ৫ পার্সেন্ট ভোটও পড়ে নাই। তারা বলছে ভোট সুষ্ঠু হয়েছে, একটা মানুষের তো লজ্জা-শরম-হায়া থাকে। এদের সেই লজ্জা শরম হায়াটুকুও নাই।”
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ১৯, ২০২০ ১৩:৩৪ Asia/Dhaka
  • মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমাদের দেশে যে নির্বাচন কমিশন আছে এটা একটা ঠুঁটো জগন্নাথ। এদের লজ্জা-শরম বলতে কিচ্ছু নাই। তারা বলছে- ঢাকা-৫ এ ১০ শতাংশ ভোট পড়েছে। আমরা মনে করি ৫ পার্সেন্ট ভোটও পড়ে নাই। তারা বলছে ভোট সুষ্ঠু হয়েছে, একটা মানুষের তো লজ্জা-শরম-হায়া থাকে। এদের সেই লজ্জা শরম হায়াটুকুও নাই।”

আজ (সোমবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। ঢাকা ও নওগাঁয় সদ্য অনুষ্ঠিত উপনির্বাচন বাতিলের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, “নির্বাচন এখন একটা তামাশায় পরিণত হয়েছে। গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে, কথাটা তো তিনি মিথ্যা বলেননি। এই নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হয়ে গেছে ২০১৪ সাল থেকেই। আপনারা যখন ক্ষমতায় এসেছেন, ক্ষমতায় আসার পর থেকেই আপনারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে, এই দেশের জনগণ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, তাদের পছন্দ মতো প্রার্থীকে যাতে ভোট দিতে না পারে, তার জন্য আপনারা সমস্ত ব্যবস্থা তৈরি করেছেন।”

বিএনপির মানববন্ধন

বিএনপি মহাসচিব বলেন, “এই সরকারের অধীনে বাংলাদেশ নিরাপদ নয়, বাংলাদেশের মানুষ নিরাপদ নয়। তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের মা-বোনেরা কেউ নিরাপদে চলাফেরা করতে পারছে না। ধর্ষণের মহোৎসব শুরু হয়েছে বাংলাদেশে।”  

মির্জা ফখরুল বলেন, "করোনা ভাইরাস মোকাবেলা বা আইন-শৃঙ্খলা পরিস্থিতির রক্ষা সবকিছুই নির্ভর করছে একটা সরকারের উপরে। নির্বাচিত সরকার ছাড়া জনগণের প্রতিনিধি ছাড়া কখনো এসব সমস্যার সমাধান হবে না।"

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, "এদেশের মানুষকে জেগে উঠতে হবে। আজকে খুব আশা পাচ্ছি, আশান্বিত হচ্ছি, এখানে যাদের দেখতে পাচ্ছি অধিকাংশই তরুণ। যুবক-তরুণ ছাত্রদের ঐক্যবদ্ধ হতে হবে। তাদের নেতৃত্বে এই ফ্যাসিবাদী সরকারকে পরাজিত করতে হবে।"

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।