বাংলাদেশে করোনায় আরও ২০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৩৩৫
বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ২০ জনের মৃত্যু হয়েছে আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৩৫ জন। আজ (মঙ্গলবার) বিকেলে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ শনাক্ত ১ হাজার ৩৩৫ জনকে নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১ হাজার ৫৮৬ জন। আরও ২০ জনের মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা পৌঁছছে ৫ হাজার ৮৩৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৫২৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ১৮ হাজার ১২৩ জন হয়েছে।
বগুড়ায় চিকিৎসকের মুত্যু
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একেএম মাসুদুর রহমান (৬০) নামে এক চিকিৎসক মারা গেছেন। তিনি বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের মেডিসিন বিভাগীয় ও হাসপাতালের করোনা ইউনিটের প্রধান অধ্যাপক ছিলেন।
রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের মুখপাত্র আব্দুর রহিম রুবেল জানিয়েছেন, গত ৪ অক্টোবর ডা. মাসুদের করোনা শনাক্তের পর ১১ অক্টোবর হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ১২ অক্টোবর ঢাকার স্কয়ার হাসপাতালে রেফার্ড করা হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় দু'দফা করোনা পরীক্ষায় পজিটিভ আসলেও ২৪ অক্টোবর চতুর্থ দফা নেগেটিভ আসে। এরপর ২৫ অক্টোবর রাতে তিনি মারা যান।
শীতের আগেই সিলেটে বাড়ছে করোনা রোগী
ওদিকে শীতের আসার আগেই সিলেটে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। গতকাল (সোমবার) একদিনে সিলেটের দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়াদের মধ্যে সিলেটের ১৬, সুনামগঞ্জের ১৫ ও হবিগঞ্জের ১ জন রয়েছেন।
এদিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে সোমবার নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তন্মধ্যে সিলেট জেলারই রয়েছেন ১১ জন। এছাড়া হবিগঞ্জের ১, সুনামগঞ্জের ২ ও মৌলভীবাজারের ৩ জন রয়েছেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।