বাংলাদেশে শীতে করোনার সেকেন্ড ওয়েভ সম্পর্কে প্রধানমন্ত্রীর সতর্কতা
https://parstoday.ir/bn/news/bangladesh-i84249-বাংলাদেশে_শীতে_করোনার_সেকেন্ড_ওয়েভ_সম্পর্কে_প্রধানমন্ত্রীর_সতর্কতা
বাংলাদেশে আসন্ন শীতে করোনার সেকেন্ড ওয়েভ সম্পর্কে সকলকে সতর্ক করে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ২৯, ২০২০ ১৫:১৩ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশে আসন্ন শীতে করোনার সেকেন্ড ওয়েভ সম্পর্কে সকলকে সতর্ক করে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (বৃহস্পতিবার) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাধীনতা পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘করোনাভাইরাসের আগমনে সমগ্র বিশ্বের অর্থনীতি স্থবির হয়ে পড়লেও তার সরকার এটা মোকাবেলায় প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, যেন দেশের মানুষ এর থেকে সুরক্ষা পায় এবং দেশের অর্থনীতির গতিশীলতা না হারায়।’

এ ছাড়া করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধির ঘোষণা দিতে গিয়ে সরকারের শিক্ষামন্ত্রী দীপু মনিও শীতকালীন করোনা সংক্রমণের ব্যাপারে সতর্কতা ব্যক্ত করেছেন।

ওদিকে, বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির আভাস দিয়ে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যুর কথা জানিয়েছে সরকারের স্বাস্থ্য অধিদফতর। দেশে এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫ হাজার ৮৮৬ জনের মৃত্যু হলো।

এর আগে গত ২৭ তারিখে মৃত্যুর সংখ্যা ছিল ২০ জনের, ২৪ তারিখে তা ছিল ১৯ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন আরো ১ হাজার ৬৮১ জন। আর এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৪ লাখ ৪ হাজার ৭৬০ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪৮ জন। বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ৩ লাখ ২১ হাজার ২৮১ জন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।