ভোটাধিকার ছিনিয়ে নিয়ে গণতন্ত্রের কথা বলার অধিকার আ. লীগের নেই: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i84271-ভোটাধিকার_ছিনিয়ে_নিয়ে_গণতন্ত্রের_কথা_বলার_অধিকার_আ._লীগের_নেই_ফখরুল
নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করতে সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেস ক্লাবে 'করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের কৃষিখাতের কৌশল নির্ধারণ' শীর্ষক আলোচনা সভায় এ চ্যালেঞ্জ দেন তিনি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
অক্টোবর ৩০, ২০২০ ১৫:০৬ Asia/Dhaka
  • বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করতে সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেস ক্লাবে 'করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের কৃষিখাতের কৌশল নির্ধারণ' শীর্ষক আলোচনা সভায় এ চ্যালেঞ্জ দেন তিনি।

সভায় মির্জা ফখরুল বলেন, ‘জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে গণতন্ত্রের কথা বলার কোনো অধিকার আওয়ামী লীগের নেই।’

তিনি অভিযোগ করে বলেন, ‘সরকারের অনিয়ম দুর্নীতির ফল ভোগ করছেন সাধারণ মানুষ। স্বাস্থ্যখাতে সবচেয়ে বেশি দুর্নীতি চলছে মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, করোনার মধ্যে বহু শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। সরকার সচেতনভাবে দেশের অর্থনীতির ভিত্তিগুলো নষ্ট করে দিচ্ছে।

বর্তমান সরকারকে ‘একদলীয়’ আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘তারা (সরকার) ভিন্নমত সহ্য করতে চায় না। আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে- তারা আগে বলেছে যে বিএনপি নেই। বিএনপি নাকি একেবারে নিঃশেষ হয়ে গেছে। কিন্তু তাদের সাধারণ সম্পাদকের প্রত্যেকদিন একটাই কাজ, আর তা হলো- বিএনপির বিরুদ্ধে কথা বলা।’

এখন চতুর্দিকে দুর্নীতি এমন দাবি করে তিনি বলেন, ‘সরকার একটা কথাও সত্য বলে না। সরকার যে ভাষ্য দেয়, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। চতুর্দিকে দেখি যে সবাই করোনায় আক্রান্ত হয়ে যাচ্ছে। আমার ভাই-চাচা-খালা-বোন সবাই আক্রান্ত হয়েছেন। খবর নিয়ে দেখবেন খুব কম পরিবার আছে যাদের কেউ না কেউ আক্রান্ত হয়নি। ঢাকা উত্তরের মেয়রের পরিবারের ১৯ জন আক্রান্ত হয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে জেলাগুলোতে এখন কোনো টেস্ট হয় না।'

এক-এগারো ঘটনা  আওয়ামী লীগ  করিয়েছে- এমন  দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে তারা কোন মুখে গণতন্ত্রের কথা বলেন। যারা জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নেয়, তারা বলে গণতন্ত্রের কথা! আওয়ামী লীগের কোনো অধিকার নেই গণতন্ত্রের কথা বলার।’

দলীয় নেতাকর্মীদের তিনি বলেন, ‘আপনারা কখনোই হতাশার কথা বলবেন না। হতাশা দিয়ে কখনো লড়াই করা যায় না। যা করবেন, আশা নিয়ে করবেন। সামনে সেই আশায় লক্ষ্য স্থির রাখতে হবে। গণতন্ত্রের সূর্য উঠবেই।’

‘কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের কৃষি সেক্টরে কৌশল’ শীর্ষক এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ডিন প্রফেসর ড. একে ফজলুল হক ভূইয়া।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, এ্যাব নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ইবরাহিম খলিল, গোলাম হাফিজ কেনেডি, চৌধুরী আবদুল্লাহ আল ফারুক ও অধ্যাপক আবদুল করিম প্রমুখ।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।