‘সরকার নিজেদের এজেন্ট দিয়ে নাশকতা করে অন্যদের ওপর দায় চাপাতে চায়’
https://parstoday.ir/bn/news/bangladesh-i84622-সরকার_নিজেদের_এজেন্ট_দিয়ে_নাশকতা_করে_অন্যদের_ওপর_দায়_চাপাতে_চায়’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “রাজধানীতে বাস পোড়ানো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পূর্বপরিকল্পিত ঘটনা। সরকার নিজেদের এজেন্ট দিয়ে এসব নাশকতা করে এর দায় অন্যদের ওপর চাপাতে চায়। কোনো নাশকতার সঙ্গে বিএনপির সম্পর্ক নেই, অপরাধীদের আইনের আওতায় আনা হোক।”
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ১৪, ২০২০ ১০:১৯ Asia/Dhaka
  • বিএফইউজে\\\'র দ্বিবার্ষিক কাউন্সিল-২০২০ এ প্রধান অতিথির বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বিএফইউজে\\\'র দ্বিবার্ষিক কাউন্সিল-২০২০ এ প্রধান অতিথির বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “রাজধানীতে বাস পোড়ানো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পূর্বপরিকল্পিত ঘটনা। সরকার নিজেদের এজেন্ট দিয়ে এসব নাশকতা করে এর দায় অন্যদের ওপর চাপাতে চায়। কোনো নাশকতার সঙ্গে বিএনপির সম্পর্ক নেই, অপরাধীদের আইনের আওতায় আনা হোক।”

আজ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক কাউন্সিল-২০২০ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) একাংশের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রোকনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২০ দলীয় নেতা মিয়া গোলাম পরোয়ার, পেশাজীবী পরিষদ নেতা সিনিয়র সাংবাদিক শওকত আজিজ, সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন সবুজ, কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বাংলাদেশ রাষ্ট্র এখন জনকল্যাণের জন্য নয়, জনগণের জন্য নয়। দেশ এখন লুটেরাদের দখলে চলে গেছে, খুন-নির্যাতনকারীদের দখলে চলে গেছে। এখানে সংবাদপত্রের কোনো স্বাধীনতা নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই, আইনশৃংখলা বাহিনীকে নিজেদের মতো করে চালানো হচ্ছে। দেশে চরম সংকট চলছে। চলমান এ সংকট বর্তমান ফ্যাসিবাদী সরকার তৈরি করেছে।”

দেশের সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সাংবাদিক, রাজনীতিবিদ, চিকিৎসকসহ সবাইকে নিয়ে জাতীয় ঐক্য করে অধিকার আদায় করতে হবে, গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।

এসময় তিনি বন্ধ মিডিয়া খুলে দেওয়ার পাশাপাশি আটক সাংবাদিক নেতাদের মুক্তির দাবি জানান।

ঢাকায় বাসে আগুন

এদিকে, রাজধানীতে বাসে আগুনের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে  মির্জা ফখরুল বলেন, বেআইনিভাবে ক্ষমতায় থাকতে কিনা করেছে এই সরকার। সারা পৃথিবী জানে এখানে ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সরকারের হয়ে কাজ করছে। ঢাকা ও ঢাকার বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে উপ-নির্বাচনে কেন্দ্র দখল করে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে জাতীয় ঐক্য তৈরী করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সুষ্ঠু নির্বাচন না দিলে জনগণের উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে কর্তৃত্ববাদী সরকারকে উৎখাত হতে হবে।

এসময় বিএনপির নির্বাচন কমিটির সমন্বয়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান বলেন, সন্ত্রাসী ভাড়া করে কেন্দ্র দখল করে তারা বিজয়ী হয়েছে। গণতন্ত্রের নামে বাকশাল প্রতিষ্ঠা করেছে। এ সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আরেকটি গণঅভ্যুত্থানের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাজধানীর ৯টি এলাকায় ১০টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় দায়ের করা ১৪টি মামলায় আসামি করা হয়েছে প্রায় ৫০০ জনকে। এ পর্যন্ত আটক করা হয়েছে ৩২ জনকে। যাদের মধ্যে ২৮ জনকে রিমান্ডে নেয়া হয়েছে। আসামিদের মধ্যে বেশিরভাগ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।