করোনার টিকা নিয়ে সরকারের কর্মপরিকল্পনা জনসমক্ষে প্রকাশের দাবি বিএনপির
https://parstoday.ir/bn/news/bangladesh-i85784-করোনার_টিকা_নিয়ে_সরকারের_কর্মপরিকল্পনা_জনসমক্ষে_প্রকাশের_দাবি_বিএনপির
করোনাভাইরাসের টিকা নিয়ে সরকারের কর্মপরিকল্পনা অবিলম্বে জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। আজ (রোববার) দুপুরে দলীয় চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ০৩, ২০২১ ১৫:০৪ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

করোনাভাইরাসের টিকা নিয়ে সরকারের কর্মপরিকল্পনা অবিলম্বে জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। আজ (রোববার) দুপুরে দলীয় চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান।

তিনি বলেন, করোনাভাইরাসের টিকা সাধারণ মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন। স্বাস্থ্যমন্ত্রী গতকাল বলেছেন, ৪২৬ টাকা টিকার মূল্য পড়বে। এই মূল্য সরকার প্রদান করবে নাকি জনগণকে দিতে হবে? সেই বিষয়টাও কিন্তু স্পষ্ট নয়। তিনি টিকা সংগ্রহ, বিতরণ, মূল্য, কতজনকে দেওয়া সম্ভব হবে, কাদের দেওয়া হচ্ছে—এর একটা রোডম্যাপ জনগণের সামনে প্রকাশের দাবি জানান।

সরকার সরাসরি এই টিকা না কিনে বেক্সিমকোর মাধ্যমে কিনল কেন, এটা জানতে চেয়ে মির্জা ফখরুল বলেন, ‘বেক্সিমকোর এখানে কত কমিশন আছে, সেটাও আমরা জানতে চাই। সরকার বেক্সিমকোর মাধ্যমে সিরাম ইনস্টিটিউটকে টাকা দিচ্ছে। সরকার সরাসরি দিচ্ছে না কেন? এসব বিষয়ে মানুষের জানার অধিকার আছে। সেই বিষয়টা আমরা জানতে চাই।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা বেশির ভাগ ক্ষেত্রে দেখছি, এই বিষয়টা সরকারের সঙ্গে সরকার ডিল করছে অথবা সরকার সরাসরি সেই কোম্পানির সঙ্গে ডিল করছে।’

বিএনপির সংবাদ সম্মেলন

মির্জা ফখরুল আরও বলেন, টিকা সংগ্রহ, সংরক্ষণ, বিতরণ ও পৌঁছানো একটা টেকনিক্যাল বিষয়। এটাকে জনগণের সামনে পরিষ্কার করে সরকারের রোডম্যাপ প্রকাশ করা দরকার। তারা কীভাবে এটা করতে চায় এবং জনগণকে আশ্বস্ত করা দরকার—এই টিকা তাদের কাছে কখন পৌঁছাচ্ছে।

বিএনপির শীর্ষ নেতা বলেন, ‘আমরা শুনতে পেয়েছি, উচ্চপর্যায়ের মানুষের জন্য তালিকা তৈরির কাজ শুরু হয়ে গেছে। খবর পেয়েছি, গুলশান ক্লাব, ঢাকা ক্লাব, উত্তরা ক্লাবসহ অন্যান্য ক্লাবে যাঁরা সদস্য আছেন, তাঁদের নামের তালিকা করা হচ্ছে। আরও শুনতে পাচ্ছি, সরকারের উচ্চপদস্থদের জন্য তালিকা করা হচ্ছে, মন্ত্রীদের তালিকা করা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ কীভাবে এই ভ্যাকসিন পাবে, কখন পাবে, সে বিষয়ে সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাচ্ছি না।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে আগামী ২৭ জানুয়ারি বাংলাদেশের থানাপর্যায়ে মানববন্ধন কর্মসূচি এবং বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ১০ জানুয়ারি সারা দেশের পৌরসভা ও মহানগরে মানববন্ধন করবে বিএনপি।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।