করোনাভাইরাসের টিকা নিয়ে মেগা লুটপাট চলছে: ফখরুলের অভিযোগ
https://parstoday.ir/bn/news/bangladesh-i86037-করোনাভাইরাসের_টিকা_নিয়ে_মেগা_লুটপাট_চলছে_ফখরুলের_অভিযোগ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "দেশে করোনাভাইরাসের টিকা নিয়ে এখন মেগা লুটপাট চলছে। জাতির সব স্বপ্ন ধুলিসাৎ করে উন্নয়নের নামে মানুষের পকেট কেটে নিচ্ছে সরকার।" আজ (শুক্রবার) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৫, ২০২১ ১৩:২৫ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "দেশে করোনাভাইরাসের টিকা নিয়ে এখন মেগা লুটপাট চলছে। জাতির সব স্বপ্ন ধুলিসাৎ করে উন্নয়নের নামে মানুষের পকেট কেটে নিচ্ছে সরকার।" আজ (শুক্রবার) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, "ফখরুদ্দীন-মইনুদ্দিনকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ গণতন্ত্র সরিয়ে দিয়ে এখন এককভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। তাই জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সকার গঠন করতে হবে।"

তিনি আরো বলেন, "২০১৮ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে ভোট ডাকাতি করে ফলাফল তাদের পক্ষে নিয়ে গেছে ঠিক একইভাবে পৌরসভা নির্বাচনেও ভোট ডাকাতি করে ফলাফল তাদের পক্ষে নিয়ে যাচ্ছে। গত নির্বাচনগুলোতে প্রমাণ হয়ে গেছে এই নির্বাচন কমিশনের নির্বাচন করবার কোন যোগ্যতা নেই, নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত।"

আবারও ইভিএমে ভোট গ্রহণের সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, "বাংলাদেশের জন্য সবচেয়ে খারাপ ব্যবস্থা ইভিএম। নির্বাচন কমিশন এটা নিয়ে ব্যবসা করছে। যেটা ১২০০ টাকার মেশিন, সেটা ৩৬০০ টাকায় কেনা হচ্ছে। প্রতিটা জিনিস দুই/তিনগুণ দামে কিনেছে নির্বাচন কমিশন।"

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, পৌর বিএনপির সভাপতি আব্দুল হালিমসহ অন্য নেতৃবৃন্দ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।