বিএনপি নামক গুজব পার্টির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i86228-বিএনপি_নামক_গুজব_পার্টির_অপপ্রচারে_বিভ্রান্ত_হবেন_না_ওবায়দুল_কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জনকল্যাণে নিবেদিত সরকারের যেকোনো প্রশংসনীয় উদ্যোগকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করা বিএনপির অপরাজনীতির অংশ। তারা টিকা আসার আগেই লুটপাটের মিথ্যা অভিযোগের কলেরগান অবিরাম বাজিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, বিএনপি নামক গুজব পার্টির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভ্যাকসিন সংগ্রহ ও প্রদান কাজ স্বচ্ছতা এবং সফলতার সঙ্গে শেষ করা হবে।’
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ২১, ২০২১ ১৪:২৯ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের (ফাইল ফটো)
    ওবায়দুল কাদের (ফাইল ফটো)

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জনকল্যাণে নিবেদিত সরকারের যেকোনো প্রশংসনীয় উদ্যোগকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করা বিএনপির অপরাজনীতির অংশ। তারা টিকা আসার আগেই লুটপাটের মিথ্যা অভিযোগের কলেরগান অবিরাম বাজিয়ে যাচ্ছে। আমরা বলতে চাই, বিএনপি নামক গুজব পার্টির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভ্যাকসিন সংগ্রহ ও প্রদান কাজ স্বচ্ছতা এবং সফলতার সঙ্গে শেষ করা হবে।’

আজ (বুধবার) সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। 

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বিপদে মানুষের পাশে না দাঁড়িয়ে শুধু সমালোচনার তীর ছুড়ছে। প্রকারান্তরে আওয়ামী লীগ যেকোনও প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। যা আওয়ামী লীগের গত সাত দশকের ঐতিহ্য।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের মুখোশের আড়ালে লুকিয়ে আছে জুলুম আর লুটপাটতন্ত্র।প্রতিক্রিয়াশীলতা এখন বিএনপির রাজনৈতিক চরিত্রের অংশ। ধর্মের দোহাই ও সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে মানুষকে আর বোকা বানানো যাবে না।' 

তিনি বলেন, ‘বিএনপি প্রো-অ্যাকটিভ নয়, তাদের রাজনীতি হচ্ছে রি-অ্যাকটিভ।’

বিএনপির নেতারা চারিদিকে শুধু ধ্বংস দেখতে পায়, তারা সরকারের কোনো উন্নয়ন ও অর্জন দেখতে পায় না উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, আসলে তাদের সৃষ্টিশীলতাকে গ্রাস করেছে দুর্ভেদ্য নেতিবাচকতা। কারণ বিএনপির দৃষ্টিশক্তিতে এখন শীতের ঘনকুয়াশা জমেছে।

বিএনপির রাজনীতি এখন কুয়াশাচ্ছন্ন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো তো দূরের কথা, তারা নিজেরাই শীতে কাতর। 

পরে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন নেতারা। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।